ডেনমার্কের বদলে পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দায়মোচন করছে বাফুফে। স্কুল ফুটবলের বাছাই করা একটি দলকে ডেনমার্কে পাঠানোর কথা থাকলেও বাফুফে পাঠাতে পারেনি। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের খায়েশ জেগে ওঠায় তিনটি তালিকা ভিসার জন্য দূতাবাসে যায়। যে কারণে ধন্দে পড়ে যাওয়া দূতাবাস ভিসাই দেয়নি সময়মতো। কিশোর ফুটবলারদের আর যাওয়া হয়নি ডেনমার্কে। সেই কৃতকর্মের দায় ঢাকতে তিনটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে ৭ অক্টোবর পাঠানো হচ্ছে কলকাতায়। কোচবিহারে ১০ অক্টোবর দলটি খেলবে জি-গ্রুপ ফুটবল একাডেমির সঙ্গে। পরদিন একই দলের সঙ্গে মাথাভাঙায় দ্বিতীয় ম্যাচ এবং ১৪ অক্টোবর কলকাতায় তৃতীয় ম্যাচ। এই সফরের বিস্তারিত জানাতে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী জানালেন, ‘এই দলকে সামনে আমরা ইংল্যান্ড পাঠাব।’ এই সফর নিয়েও নানা টালবাহানা হয়েছে। ফেডারেশনের সদস্য নন এমন দুজন আবু হোসেন ও আবদুল্লাহ আল মামুন এটির মূল উদ্যোক্তা। এই সফরে খেলোয়াড়দের কিছু সরঞ্জাম দিচ্ছে মেনজ ক্লাব।