ডেনমার্কের বিপক্ষে সেরা দলই খেলবে: লো
কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে জার্মানির প্রয়োজন মাত্র একটি পয়েন্ট। আজ ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাপারটি একেবারেই মাথায় রাখছেন না জার্মান কোচ জোয়াকিম লো। বরং পূর্ণ পয়েন্টের প্রত্যাশায় ডেনিশদের বিপক্ষে দলে শক্তির কোনো কমতি রাখতে চান না তিনি।লো অবশ্য ডেনমার্কের বিপক্ষে তাঁর প্রথম একাদশ কি হবে—এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কার্ডের কারণে এমনিতেই জারোমি বোয়েটাংকে পাচ্ছেন না তিনি। কিন্তু বোয়েটাংয়ের পরিবর্তে কাকে খেলাবেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। কেবল জানিয়েছেন, সর্বোচ্চ শক্তির দলই তিনি আজ ডেনমার্কের বিপক্ষে মাঠে নামাবেন।গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে লো বলেছেন, ‘ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি যথেষ্টই কঠিন হবে। আমি কোনো খেলোয়াড়কেই আজ ছুটি দিতে চাই না।’লো বলেন, ‘আমি যদি কোনো খেলোয়াড়ের বদলি হিসেবে অন্য কোনো খেলোয়াড়ের কথা ভাবি, তাহলে একটি ব্যাপার নিশ্চিত করব যে আমার সিদ্ধান্তটি যেন অবশ্যই সঠিক সিদ্ধান্ত হয়।’ জারোমি বোয়েটাংয়ের জায়গায় কে খেলবেন—এমন প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব দেননি জোয়াকিম লো। তিনি বলেন, বেনেডিক্ট হাউয়েডস ও লারস বেনডারের মধ্যে যেকোনো একজনকে বোয়েটাংয়ের জায়গা নিতে হতে পারে।জোয়াকিম লো হল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক মারিও গোমেজের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘মারিও গোমেজ এই মৌসুমে পুরোসময়েই দুর্দান্ত খেলেছে। এবারের ইউরোতেও সে সেই ফর্মই ধরে রেখেছে। মারিও গোমেজের কারণেই খেলার সুযোগটা হচ্ছে না অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোসার। এ ব্যাপারে জানতে চাওয়া হলে কূটনৈতিক উত্তরই দিয়েছেন লো। বলেছেন, ‘ক্লোসা ও মারিও গোমেজের মতো দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে একই সঙ্গে পাওয়া ভাগ্যের ব্যাপার।’অন্য দলের খেলা নিয়ে একেবারেই ভাবছেন না জোয়াকিম লো। তিনি বলেছেন, ‘অন্য দলের খেলা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আমার একমাত্র লক্ষ্য গ্রুপ পর্বে শীর্ষ স্থানে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। ওটাই আমাদের এই মুহূর্তের মনোযোগ।’