নিকলাস বেন্ডনার দুই হাত দিয়ে আড়াল করেছেন মুখ। অশ্রুসজল মুখটা কাউকে দেখাতে চান না। গত মৌসুমে লিভারপুলের হয়ে খেলতে গিয়ে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ড্যানিয়েল অ্যাগার। মাথায় আঘাত পেয়ে মস্তিষ্ক থেকে মুছে গেছে ১০-১৫ মিনিটের স্মৃতি। পরশু ডেনিশ অধিনায়ককে দেখে মনে হলো, তিনি মুছে ফেলতে চান এই ম্যাচের স্মৃতিও। হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে আছেন মাইকেল ক্রন-দেলি। এই ম্যাচেও গোল পেয়েছেন। কিন্তু কাজে লাগল না। চোখ দিয়ে টপটপ করে ঝরে পড়া অশ্রু গিয়ে পড়ছে সবুজ জমিনে। এভাবেই ডেনিশদের কান্নায় শেষ হলো ‘বি’ গ্রুপের খেলা। ‘গ্রুপ অব ডেথ থেকে’ বিদায় নিল দুই ‘ডি’—ডাচ আর ডেনস!জিতলেও আসলে লাভ হতো না। একই সময়ে অন্য ম্যাচে যে পর্তুগাল জিতে গেছে। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে মাথা উঁচু করেই বিদায় নেওয়া যেত। যদিও জার্মানির কাছে ২-১ গোলে হারের পরেও ডেনমার্কের কোচ মর্টেন ওলসেন বলছেন, মাথা উঁচু রেখেই বিদায় নিচ্ছে তাঁর শিষ্যরা। হল্যান্ড-বধ করে যাত্রা শুরু হয়েছিল। পরশুর ম্যাচেও দীর্ঘ সময় লড়ে গেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট জার্মানির সঙ্গে। মাত্র ১৯ মিনিটে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা লুকাস পোডলস্কি গোল করে এগিয়ে দিয়েছিলেন জার্মানদের। হল্যান্ড-বধের নায়ক ক্রন-দেলি মাত্র ৫ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন। কিন্তু ৮০ মিনিটে জার্মানির তরুণ ডিফেন্ডার লার্স বেনডার জাতীয় দলের হয়ে প্রথম গোলটিতেই নিশ্চিত করেন জয়।জার্মানদের রুখে দেওয়ার ব্যাপারে বেশ সুনাম ছিল ওলসেনের। ডেনমার্কের কোচ হিসেবে ১২ বছরে জার্মানির কাছে কখনো হারেননি। কিন্তু চতুর্থবারে ঠিকই সেই দুর্গ জয় করল জোয়াকিম লোর দল। ৬২ বছর বয়সী ওলসেন অবশ্য বলছেন, ‘আমরা হতাশ হতেই পারি, কিন্তু দল নিয়ে হতাশ নই। আমাদের পারফরম্যান্স ছিল দারুণ। তা ছাড়া আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সামান্য গা-ছাড়া মনোভাবেরই মাশুল দিলাম। আমাদের ভাগ্যের সাহায্যও দরকার ছিল।’এই টুর্নামেন্টে ডেনমার্কের সবচেয়ে বড় পাওয়া সম্ভবত ক্রন-দেলিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ২৯ বছর বয়সী এই উইঙ্গার বলছেন, ‘এখন দলের বাকি সবার মতোই আমিও ভীষণ হতাশ। কিন্তু আমি আমাদের প্রচেষ্টার জন্য একই সঙ্গে খুব গর্বিতও। আমরা এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করেছি।’তিন ম্যাচের তিনটিই জিতে গ্রুপসেরা হওয়ার সুবাদে শেষ আটে ‘দুর্বল’ গ্রিসকে পেল জার্মানি। যদিও লো বলছেন, পরশুর মতো খেললে গ্রিসকে হারাতেও ঘাম ছোটাতে হবে, ‘যেমনটা ভেবেছিলাম, তেমনই কঠিন হয়েছে ম্যাচটা। আমাদের আসলে প্রথমার্ধে খুনে মেজাজটি ছিল না, থাকলে কাজটা সহজ হতো হয়তো। এর ফলেই ডেনমার্ক গোল করে বসেছে। আমাদের আরও উন্নতি করতে হবে।’লোয়ের কথায়ই পরিষ্কার, গ্রুপ চ্যাম্পিয়ন হতে নয়, জার্মানি এসেছে টুর্নামেন্টটি জিততেই। এএফপি, রয়টার্স।