ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন তামিম
ঐচ্ছিক অনুশীলনে আসার ইচ্ছা ছিল অনেকেরই। কিন্তু গত পরশু মাতারায় মাঠ থেকে রওনা হয়ে গলের হোটেলে যাত্রাপথের ক্লান্তি বেশির ভাগের মধ্যে আর উৎসাহটা রাখল না। হোটেলও মাঠ থেকে অনেক দূরে। আসতে প্রায় এক ঘণ্টা, যেতে এক ঘণ্টা। শেষ পর্যন্ত তাই কাল সকালে অনুশীলনে এলেন মাত্র চারজন। এনামুল হক, আবুল হাসান, ইলিয়াস সানি এবং অবশ্যই তামিম ইকবাল।তামিম ইকবালকে আসতেই হতো। হাতের চোট জয় করে প্রথম টেস্টে খেলার জন্য রীতিমতো লড়াইয়ে নেমেছেন বাঁহাতি ওপেনার। নেটে প্রতিটি ব্যাটিং সেশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে আরেকটু এগিয়ে দিচ্ছে তাঁকে। ‘চূড়ান্ত সিদ্ধান্ত’টা কী, তা অবশ্য কালও চূড়ান্ত নয়। নেটে ১৫-২০ মিনিট ব্যাটিং করলেন। এর পর ফিজিও বিভব সিংয়ের সঙ্গে আলোচনা। ব্যথা নাকি আছেই।মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, ‘এখনো কিছু বুঝতে পারছি না। তবে আমার কপাল ভালো, ডেভিড ইয়াং এখন গলে আছেন। আজ তাঁকে দেখাব। দেখি, উনি কী বলেন।’ ডেভিড ইয়াং মানে মেলবোর্নের সেই বিখ্যাত শল্যবিদ। মাশরাফির হাঁটুতে অনেকবার অস্ত্রোপচার করেছেন। বাংলাদেশের আরও অনেক ক্রিকেটারই তাঁর ‘রোগী’। পেশাগত কাজই করেন, তার পরও ‘বাংলাদেশের ক্রিকেটের বন্ধু’ হিসেবে একটা পরিচিতি হয়ে গেছে। তামিমের হাত ও পুরোনো এক্স-রে দেখে অবশ্য ইয়াং কাল সুনির্দিষ্ট কিছু বলেননি। গত পরশু দলের সঙ্গে যোগ দেওয়া নির্বাচক হাবিবুল বাশার কাল রাতে জানালেন, আবার এক্স-রে করে বৃহস্পতিবার মানে আজ আবার ডেভিড ইয়াংয়ের কাছে যাবেন তামিম। তামিম খেলতে চান। খেললে একটু ব্যথা নিয়েই খেলতে হবে, এটাও মেনে নিয়েছেন। এমনিতেই ব্যাটিং সাজানো নিয়ে একটু হিমশিম খাওয়া বাংলাদেশ দল তো তামিমকে চাইছেই। ডেভিড ইয়াংয়ের কাছে মূলত একটা পরামর্শই চাওয়া হবে, খেললে তামিমের হাতের চোটটা আরও খারাপ হবে কি না। সেই ভয় না থাকলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তবে হাবিবুল এটাও জানিয়ে দিলেন, ‘কালও (আজ) হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। তামিমের জন্য প্রয়োজনে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে।’