ডেভিস কাপ মারের ব্রিটেনের
২০১২ সালে ইউএস ওপেন জিতে পুরুষ এককের একটি গ্র্যান্ড স্লামের জন্য ব্রিটিশদের ৭৬ বছরের হাহাকার ঘুচিয়েছিলেন অ্যান্ডি মারে। পরের বছর উইম্বলডন জিতেছিলেন ৭৭ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ পুরুষ খেলোয়াড় হিসেবে। সেই মারের হাত ধরেই কাল ঘুচল গ্রেট ব্রিটেনের আরেকটি অপেক্ষা। ডেভিস কাপের ফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনের বিপক্ষে মারে ফিরতি এককটা জিততেই নিশ্চিত হয়েছে ১৯৩৬ সালের পর ব্রিটেনের প্রথম ডেভিস কাপ জয়। এই জয়েই স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে ৩-১-এ এগিয়ে যায় মারের দল।
এবারের ডেভিস কাপে আটটি একক খেলে আটটিতেই জয়—শুধু দলকে শিরোপাই জেতাননি মারে, ঢুকে গেছেন ইতিহাসেও। ১৯৮১ সালে ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ চালু হওয়ার পর মারের আগে এক বছরে আটটি ম্যাচ জিতেছেন শুধু জন ম্যাকেনরো ও ম্যাটস উইলান্ডারের মতো মহাতারকারা। এ ছাড়া আন্দ্রে আগাসি ও রাফায়েল নাদালের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে উইম্বলডন, অলিম্পিক একক ও ডেভিস কাপ জিতলেন মারে। এএফপি।