ডেভিস কাপ ‘বিজয়ী’দের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের শহর ঢাকার প্রাণকেন্দ্রে হলেও বাংলাদেশ টেনিস ফেডারেশন একটু নিরিবিলি। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কিছু হচ্ছে। সিঁড়ি মাড়িয়ে দোতলায় উঠতেই উৎসব উৎসব ভাব। হলরুমে শিশু-কিশোর, মহিলা-পুরুষ—অনেকটা পারিবারিক আমেজে চলছে কুইজ অনুষ্ঠান।ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৪-এ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ-৩-এ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গতকাল এই সাফল্যের নায়কদের সংবর্ধনা দিল টেনিস ফেডারেশন। কুইজ তারই একটা অংশ। কুইজের পরই মূল পর্ব—অমল রায়, রঞ্জন রাম, আলমগীর হোসেনদের দেওয়া হলো ফুলেল সংবর্ধনা। ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম ব্যক্তিগতভাবে প্রত্যেককে দিলেন ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার। বিজয়ের অন্যতম নায়ক শিবুলাল ডেভিস কাপ শেষ করেই যুক্তরাষ্ট্র চলে গেছেন। তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন রঞ্জন রাম। এ ছাড়াও সনি-র্যাংগসের পক্ষ থেকে গিফট বক্স এবং বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ সালাহউদ্দিন ব্যক্তিগতভাবে তিন খেলোয়াড় অমল, রঞ্জন ও আলমগীরকে উন্নত প্রশিক্ষণের জন্য কলকাতায় পাঠানোর ঘোষণা দিয়েছেন। রঞ্জন রামকে একটি মোটরসাইকেলও উপহার দিয়েছেন। বাংলাদেশ দলের ১ নম্বর খেলোয়াড় অমল রায় ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন কুয়েত এয়ারলাইনসের হজরত শাহজালাল বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আমীনের কাছ থেকে।গ্রুপ-৩-এ বাংলাদেশ খেলবে দশমবারের মতো। এবার আলমগীরেরা দেখছেন নতুন স্বপ্ন, ‘এবার গ্রুপ-৩-এ টিকে থাকতে চাই। খেলতে চাই গ্রুপ-৩ পেরিয়ে গ্রুপ-২-এ।’ এ জন্য প্রয়োজন ভালো কোচের অধীনে উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। কিন্তু বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা তো এখনো পুরো পেশাদারই হতে পারেননি। পরিবারের চাহিদা মেটাতে ছুটতে হচ্ছে চাকরির পেছনে। আর বিদেশ থেকে ভালো কোচ এনে খেলোয়াড়দের যে সারা বছর ধরে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে, ফেডারেশনের এত টাকা কোথায়? ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন) বললেন, ‘সরকার আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ফি-টা দিলেও টেনিসকে এগিয়ে নিতে আমরা নানা পদক্ষেপ নিতে পারব।’ সাফল্য এবং কার্যক্রমের ভিত্তিতে ফেডারেশনগুলোর মধ্যে অগ্রাধিকার তালিকা করারও দাবি জানালেন তিনি।