ডেমিকেলিসের রাগ
বায়ার্ন মিউনিখে খেলছেন সাত বছর ধরে। বলতে গেলে ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়ে দিয়েছেন জার্মানির ক্লাবটিতে। গত মৌসুমে লিগ, কাপ জয় আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পথে দলের অপরিহার্য সদস্য ছিলেন। সেই মার্টিন ডেমিকেলিস রাগ করেই জানিয়ে দিয়েছেন, বায়ার্নে আর নয়। তিনি পাল্টাতে চান ক্লাব।ভলফসবুর্গের বিপক্ষে লিগের প্রথম ম্যাচের প্রথম একাদশে না রাখাতেই এই রাগ আর্জেন্টাইন ডিফেন্ডারের। রাগ করে পরশু ম্যাচটাই বয়কট করেছেন ডেমিকেলিস। মাঠে যাননি। পরে জার্মান দৈনিক বিল্ডকে বলেছেন, ‘বাস্তবতা হলো, সব চক্রই এক দিন পূর্ণ হয়, শেষের প্রান্তে চলে আসে। আমাদের দুই পক্ষের আলাদা হয়ে যাওয়াটাই ভালো।’কোচ লুই ফন গল ওই ম্যাচে দুই সেন্টারব্যাক হিসেবে খেলিয়েছেন ড্যানিয়েল ফন বাইতেন আর হোলগার বাডস্টুবারকে। ‘সিদ্ধান্ত নেওয়ার ভার আমার, খেলোয়াড়কে সেটি মানতে হবে। গতবার ও সফল হয়েছে, কিন্তু এবার ওর বিকল্প তৈরি জরুরি। এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু কী আর করা’—কোচের ব্যাখ্যা। বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে অবশ্য এই মৌসুমে ডেমিকেলিসকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এএফপি।