ডেল স্টেইনেই শেষ ভারত
শেষ বিকেলে নাগপুরে কাল দারুণ উত্তেজনা। অষ্টম উইকেটে জহির খানকে নিয়ে দারুণ এক জুটি গড়েছেন অভিষিক্ত ঋদ্ধিমান সাহা। একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৩ উইকেট, ভারতের ৮ রান। না, জয়ের জন্য নয়, ইনিংস পরাজয় এড়াতে। প্রথম ইনিংসে ভারতের ধ্বংসযজ্ঞের নায়ক জ্বলে উঠলেন আবার। জ্যাক ক্যালিস জহিরকে আউট করার পর নিজের সাত বলের মধ্যে শেষ দু উইকেট তুলে নিলেন ডেল স্টেইন। ভারত হারল ইনিংস ও ৬ রানে।আক্ষরিক অর্থে স্টেইনের হাতেই শেষ ভারত। ২৫৩ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরা হাশিম আমলা, কিন্তু ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তো ওই গতিদানবের জন্যই। সন্দেহ আছে? তাহলে মহেন্দ্র সিং ধোনির কথাটাই শুনুন, ‘গত দু বছরে এমন বোলিং আমি খেলিনি, দেখিওনি। অসাধারণ বোলিং করেছে স্টেইন, আমরা স্রেফ উড়ে গেছি।’ আর বীরেন্দর শেবাগ বললেন, ‘আমার ক্যারিয়ারে খেলা সেরা বোলার স্টেইন। দুর্দান্ত গতি, সঙ্গে স্যুইং করায় দু দিকেই।’তার পরও কাল দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক আরেকজন। শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করেছেন, এমন দিনে পাদপ্রদীপের আলো অন্য কারও ওপর পড়েছে, এমন ঘটনা বিরল। কাল মাত্র তিন উইকেট নিয়েই সেটি করেছেন পল হ্যারিস। উইকেট তিনটি যে থিতু হয়ে যাওয়া তিন ব্যাটসম্যান মুরালি বিজয়, টেন্ডুলকার ও ধোনির! টেন্ডুলকার অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন, ৪৬তম সেঞ্চুরি করার এক বল পরই হ্যারিসের বলটি তাঁর প্যাডে ছুঁয়ে আর্মগার্ডে লেগে ভেঙে দিয়েছে স্টাম্প। এই টেস্টের আগে তাঁকে নিয়ে জোর সমালোচনার মধ্যেই হ্যারিস বলেছিলেন, ‘আমি গুগলি পারি না, দুসরা পারি না, স্রেফ ধৈর্য ধরে বোলিং করে যাই।’ কালও ঠিক তা-ই করেছেন, দিনের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে চা-বিরতি পর্যন্ত টানা ৩১ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। ওয়েবসাইট।