ডেসকাটের ব্যাটে রক্ষা চিটাগং কিংসের
খুলনা রয়েল বেঙ্গলসের আজকের ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল চিটাগং কিংস। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে দলকে সম্মানজনক একটা স্কোর এনে দিয়েছেন রায়ান টেন ডেসকাট। হল্যান্ডের তারকা ব্যাটসম্যানের ৬১ বলে ৯৫ রানের চমত্কার ইনিংসটিতে ভর করে স্কোরবোর্ডে ১৫৬ রান জমা করে চিটাগং কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে চিটাগং কিংস। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ১০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন অধিনায়ক ব্রেন্ডন টেলর, মাহমুদুল্লাহ ও নাঈম ইসলাম। বিপর্যয়পূর্ণ এই পরিস্থিতিতে উইকেটে এসে দারুণভাবে দলের হাল ধরেন রায়ান টেন ডেসকাট। চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৬১ রানের খুবই গুরুত্বপূর্ণ এক জুটি। ১৩তম ওভারে ২২ রান করে সাজঘরে ফেরেন মিলার। তবে তারপরও খুলনার বোলারদের নাজেহাল করে গেছেন ডেসকাট। শেষপর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৯৫ রান করে। ১৫ রান এসেছে কেভন কুপারের ব্যাট থেকে।