ডেসটিনিকে নিয়ে সাফ ফুটবলে বাংলাদেশ
পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, বাংলাদেশকে সাফ ফুটবলে খেলতে যেতে হতো বিদেশে কোনো অনুশীলন ম্যাচ না খেলেই। তবে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে বাফুফে একটা পৃষ্ঠপোষক জোগাড় করতে পেরেছে বলেই বাংলাদেশ দল বিদেশে অনুশীলন ম্যাচ খেলতে যেতে পারছে। ২০১১ দিল্লি সাফ ফুটবলে বাংলাদেশ দলের সরকারি পৃষ্ঠপোষক ডেসটিনি গ্রুপ।কাল বাফুফে ভবনে পৃষ্ঠপোষণা বাবদ চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। চুক্তিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, সাফের জন্য ডেসটিনি দিচ্ছে ২০ লাখ টাকা। দেশের ফুটবলে ডেসটিনিকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আশা করি, তাঁরা অনেক দিন আমাদের সঙ্গে থাকবেন।’ রফিকুল আমিনের কথা, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই ফুটবলে এসেছি। ফুটবলের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবছি। তবে আপাতত সাফ ফুটবলকেই প্রাধান্য দিচ্ছি।’কালই মালয়েশিয়া সফরের একমাত্র অনুশীলন ম্যাচের দল ঘোষণা করেছে বাফুফে। ১৮ জনের দলে নেই মামুনুল ইসলাম। পাসপোর্ট জটিলতায় মালয়েশিয়া যাওয়া হচ্ছে না এই মিডফিল্ডারের। তবে আশরাফ মাহমুদ বাদ পড়েছেন কোচের অপছন্দের কারণে। আজ গভীর রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী পরশু রাতে মালয়েশিয়ার সুপার লিগের দল নেগেরি সেমবিলানের বিপক্ষে তাদের ম্যাচ। ২৩ নভেম্বর দেশে ফেরার পরদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বাংলাদেশ খেলবে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ইলিয়েভস্কির দল কলকাতায় যাবে পরদিন। সেখানে ২৬ নভেম্বর যুব ভারতীতে খেলবে সাউদার্ন সমিতির বিপক্ষে, ২৮ নভেম্বর আই লিগের ক্লাব ইন্ডিয়ান অ্যারোসের বিপক্ষে। এরপরই সোজা দিল্লি।