ডোপ বিতর্কে মেওয়েদার
ওয়েল্টারওয়েট শিরোপা ধরে রাখতে বক্সিং রিংয়ে আজ আন্দ্রে বার্তোর মুখোমুখি হবেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। এটাই তাঁর পেশাদার ক্যারিয়ারের ‘শেষ’ লড়াই, যেটি জিতলে ক্যারিয়ারজুড়েই অজেয় থাকার রেকর্ড নিয়ে বিদায় নেবেন আমেরিকান বক্সার। কিন্তু রিংয়ে নামার আগেই ডোপবিরোধী আইন ভাঙার অভিযোগে খবরের শিরোনাম মেওয়েদার। ম্যানি প্যাকিয়াওয়ের সঙ্গে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র আগে নিয়েছিলেন ভিটামিন ও মিনারেলস ইনজেকশন!
খবরটি দিয়েছে এসবি নেশনস স্পোর্টস নিউজের ওয়েবপোর্টাল। এতেই তোলপাড় বক্সিং-বিশ্ব। তবে ডোপবিরোধী আইন ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন ‘মানি’ নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনক্ষম ক্রীড়াবিদ মেওয়েদার। ইউনাইটেড স্টেটস অ্যান্টিডোপিং এজেন্সি এবং নেভাডা স্টেট অ্যাথলেটিক কমিশনের নিয়ম সব সময়ই মেনে এসেছেন, তাঁর সর্বশেষ লড়াইয়ের আগেও সেটির ব্যতিক্রম হয়নি বলে দাবি করেছেন ৩৮ বছর বয়সী মেওয়েদারের, ‘পরিচ্ছন্ন অ্যাথলেট হিসেবে নিজেকে নিয়ে গর্বিত আমি এবং এভাবেই চ্যাম্পিয়ন থাকতে চাই।’
লাস ভেগাসে গত মে মাসের ওই লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ফিলিপাইনের বক্সার ম্যানি প্যাকিয়াও হেরে গিয়েছিলেন বিচারকদের অবিসংবাদিত রায়ে। ডোপিং আইন ভাঙার অভিযোগ ওঠার পর মেওয়েদারের শাস্তি তো প্যাকিয়াও চেয়েছেনই, ওই ম্যাচের পুনরায়োজনও দাবি করেছেন। মেওয়েদারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তোলা হয়েছিল এমনটা জানিয়ে মনের ক্ষোভ উগরে দিয়েছেন প্যাকিয়াও, ‘অবশেষে সত্যিটা বেরিয়ে পড়ল। অবিচারের শিকার হয়েছিলাম আমি।’ ইউএস অ্যান্টিডোপিং এজেন্সি এবং নেভাডা স্টেট অ্যাথলেটিক কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্যাকিয়াও। এখানে বলে রাখা ভালো, অভিযোগ ওঠার পর এই দুই সংগঠনই নির্দোষ বলেছে মেওয়েদারকে। এসবি নেশনস স্পোর্টস নিউজের খবরটি ভুলে ভরা ও অসংগতিপূর্ণ তথ্যনির্ভর বলছে ইউএস অ্যান্টিডোপিং এজেন্সি। ভিটামিন ও মিনারেলস ইনজেকশন নেওয়ার আগে মেওয়েদার সেটির অনুমোদনের আবেদন করেছিলেন জানিয়ে সংস্থাটি বলছে, নেভাডা স্টেট অ্যাথলেটিক কমিশনের নিয়ম মেনেই তাঁকে ভিটামিন ও মিনারেলস ইনজেকশন নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু লড়াইয়ের আগে কাঁধের চোটের জন্য ব্যথানাশক ইনজেকশন নেওয়ার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন প্যাকিয়াও। তাঁর প্রশ্ন, ‘তারা কি কিছু লুকাচ্ছে? সততার খাতিরে এবং খেলাটার বৃহত্তর স্বার্থেই নেভাডা স্টেট অ্যাথলেটিক কমিশনকে ধারাবাহিক থাকতে হবে।’ এএফপি, রয়টার্স।