ডোনাল্ড আজ দ্বিখণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কেমন লাগবে তাঁর? যখন বেজে উঠবে জাতীয় সংগীত, তিনিও নিশ্চয়ই দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তাতে সুর মেলাবেন, বুকের ওপর থাকবে তাঁর হাত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে নয়; অ্যালান ডোনাল্ড তখন থাকবেন নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে।প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ৩০০ উইকেট নেওয়া ডোনাল্ড এই বিশ্বকাপের আগে আগে বোলিং কোচ হিসেবে যোগ দেন নিউজিল্যান্ড দলে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটায় কাজ করেছেন। এরপর বিশ্বকাপে। আর আজ তো ‘সাদা বিদ্যুৎ’ মুখোমুখি দাঁড়িয়ে গেছেন মাতৃভূমির!একদিকে পেশাদারি জীবন, অন্যদিকে আবেগ। স্বাভাবিকভাবেই ডোনাল্ডের হূদয় আজ দ্বিখণ্ডিত। কদিন আগে দক্ষিণ আফ্রিকার এক পত্রিকাকেও বলেছেন, ‘এটা হবে আমার জন্য একটা আবেগময় দিন। আবেগ উথলে উঠবে জাতীয় সংগীত বেজে ওঠার সময়, এর পর তাদের (দক্ষিণ আফ্রিকা দল) মুখোমুখি হতে হবে। অবশ্যই এটা কঠিন। কিন্তু এটা এখন পেশাদার ক্রীড়া বিশ্বেরই অংশ। অনেক কোচের ক্ষেত্রেই সেটা হয়েছে। গ্যারি কারস্টেন আর এরিক সিমন্স যেমন কাজ করছে ভারতের হয়ে।’শেষ পর্যন্ত তাই আবেগটা পেশাদারির খোলসেই আটকা পড়ে যাচ্ছে। যাচ্ছে বলেই আজ দক্ষিণ আফ্রিকানদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার জন্য ৪৪ বছর বয়সী ডোনাল্ডই হবেন অন্যতম সূত্র। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২১৬ উইকেটের মালিকও জানালেন, ‘কিছুদিন ধরে আমি অনেক হোমওয়ার্ক করেছি। দলটাকে উজ্জীবিত রাখতে চেষ্টা করেছি। দুভার্গ্যজনক হলেও আজ তো আমাকে একটা পক্ষ নিতেই হবে। আমি ব্ল্যাক ক্যাপদেরই পক্ষে।’নিউজিল্যান্ডের পক্ষে বলেই ‘আমি’ এবং ‘আমরা’ বলতে গিয়ে ডোনাল্ড হয়ে গেলেন নিউজিল্যান্ডেরই, ‘আমি আত্মবিশ্বাসী আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারব। কাগজে-কলমে হয়তো ওরাই ফেবারিট। কিন্তু বড় টুর্নামেন্টগুলোর রেকর্ড আমাদের পক্ষে।’ ডোনাল্ড ঠিকই বলেছেন। বিশ্বকাপেই যেমন পাঁচবার মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে তিনবার হারিয়েছে নিউজিল্যান্ড।ডোনাল্ড ঠারেঠোরে চোকার-তত্ত্বও এনে হাজির করতে চাইলেন! বললেন, আজকের ম্যাচে চাপ যে নিতে পারবে, জিতবে তারাই। প্রতিপক্ষের ড্রেসিংরুমে ডোনাল্ডের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার জন্যও অস্বস্তির কারণ হতে পারে। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ অবশ্য মানতে চাইলেন না। তাঁর যুক্তি, ডোনাল্ড জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন আট বছর আগে। এর মধ্যে পাল্টে গেছে অনেক কিছুই।তবে স্মিথও মানবেন, ডোনাল্ডের ক্রিকেটীয় প্রজ্ঞার মূল্য এখনো অনেক। ড্যানিয়েল ভেট্টোরি নিজে যেমন স্বীকার করছেন, ‘ও দলে অনেক আইডিয়া নিয়ে এসেছে, তার চেয়েও বেশি নিয়ে এসেছে আত্মবিশ্বাস। আমাদের বোলারদের ও ভালোভাবে পথ দেখাচ্ছে। ও মনে করে, আমাদের বোলাররা বিশ্বসেরা, তাদের পক্ষে আমাদের সেমিফাইনালে নিয়ে যাওয়া সম্ভব।’