ডোনাল্ড এখন মূল কোচ
ক্রিকেট ছাড়ার পর নিজের প্রাদেশিক দল ফ্রি স্টেট ও কাউন্টি দল ওয়ারউইকশায়ারের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালে ইংল্যান্ড দলের বোলিং উপদেষ্টাও হয়েছিলেন। কিন্তু কোনো দলেরই মূল কোচ হতে না পেরে গত কিছুদিনে বেশ হতাশ হয়ে পড়েছিলেন অ্যালান ডোনাল্ড। অবশেষে হতাশার অবসান হয়েছে, হতে পেরেছেন ‘প্রধান কোচ।’ জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন দল মাউন্টেনিয়ার্সের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। এখনো অবশ্য আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে ডোনাল্ড দায়িত্ব পেতে চান এক বছরেরও বেশি সময়ের জন্য।তীব্র গতি ও বাউন্সের জন্য খেলোয়াড়ি জীবনে ডোনাল্ডের নাম হয়ে গিয়েছিল ‘শ্বেতবিদ্যুৎ’। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ৭২ টেস্ট খেলে উইকেট পেয়েছেন ৩৩০টি, ১৬৪ ওয়ানডেতে উইকেট ২৭২টি। টেস্ট ক্রিকেট ছেড়েছেন ২০০২ সালে, ২০০৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ খেলে বিদায় জানিয়েছেন ওয়ানডেকে।বোলিং উপদেষ্টা হিসেবে স্বল্প মেয়াদে কাজ করার পর ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বটা স্থায়ীভাবে পেতে ভীষণ আগ্রহী ছিলেন ডোনাল্ড। কিন্তু গত এপ্রিলে দায়িত্বটা পেয়ে যান অস্ট্রেলিয়ার ডেভিড সেকার। অনেক হতাশার পর অবশেষে মূল কোচের দায়িত্ব পেয়ে ডোনাল্ডের কণ্ঠে শোনা গেছে স্বস্তি, ‘বোলিং কোচ বা উপদেষ্টা নয়, আমি সব সময়ই মূল কোচ হতে চেয়েছি। এই দায়িত্বটা ঠিক সে রকম, যেমনটি আমি খুঁজছিলাম। আমি বেশ কটি জায়গায় আবেদন করেছি, কিন্তু সবাই শুধু দুই-তিন বছরের অভিজ্ঞতা চায়। সেই মুরগি ও ডিমের পুরোনো কাহিনির মতো। কেউ যদি কাজই না দেয়, তাহলে অভিজ্ঞতাটা হবে কীভাবে? যা হোক, এসব এখন অতীত। নতুন দায়িত্ব শুরু করতে তর সইছে না।’বেশ কিছুদিন ধরেই সাবেক ক্রিকেটাররা ঝুঁকছেন জিম্বাবুয়ের দিকে। অ্যালিস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ার, ডেভ হটনরা জিম্বাবুয়ের জাতীয় দলেই বিভিন্ন দায়িত্বে আছেন। ‘মিডওয়েস্ট রিয়নস’ ফ্রাঞ্চাইজির কোচ সাবেক অস্ট্রেলিয়া পেসার জেসন গিলেস্পি, সাউদার্ন রকসকে কোচিং করাচ্ছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান মন্টে লিঞ্চ। ওয়েবসাইট।