ডোপ পরীক্ষা ফাঁকি দিয়েছিলেন নাদাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ডোপ-পরীক্ষায় ধরা পড়ে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল নাদালের বিরুদ্ধে। ছবি: এএফপি।
আবারও ডোপ-পরীক্ষায় ধরা পড়ে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল নাদালের বিরুদ্ধে। ছবি: এএফপি।

মারিয়া শারাপোভার বোমা ফাটার পর একটা ঝড়ই যেন বয়ে যাচ্ছে টেনিস জগতে। ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন-শারাপোভার ঘোষণাটা এসেছিল চমক হিসেবেই। কিন্তু এখন আঙুল উঠছে রাফায়েল নাদালের দিকেও, রোলাঁ গারোঁর রাজা নাকি ডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েও সেটা গোপন করেছিলেন! তবে নাদাল দাবি করেছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

ডোপ-পাপের অভিযোগ নাদালের বিরুদ্ধে আগেও উঠেছিল। শারাপোভার স্বীকারোক্তির পর সেটি আবার উঠল নতুন করে। এবার সেটি তুলেছেন ফ্রান্সের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রোসালিন ব্যাশেলট। হাঁটুর চোটে দুই বছর আগে সাত মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। ব্যাশেলটের দাবি, ওই সময় নাদাল ডোপ-পরীক্ষায় ধরা পড়াটা আড়াল করার জন্যই এই চোটের নাটক সাজিয়েছিলেন, ‘আপনি যখন দেখবেন একজন টেনিস খেলোয়াড় লম্বা সময় ধরে খেলছে না, কারণ সে আসলে ডোপ পরীক্ষায় ধরা পড়েছে এবং সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সব সময় ঘটে এমন নয়, কিন্তু আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি ঘটে।’

এত বড় একটা অভিযোগের পর নাদাল আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলবেন না সেটা তো আর হয় না। ১৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী একটু বিরক্তই, ‘এ রকম অভিযোগ তো আগেও উঠেছে। আমি এখন একটু বিরক্তই। আমি অন্যায় কিছু করিনি। আমি যখন চোটে পড়েছি, তখন চোটেই পড়েছি। সুস্থ হওয়ার জন্য আমি কিছুই নিইনি। অন্যায় কিছু করার কথা আমি কখনোই ভাবিনি। আমি খেলার মূল্যবোধে বিশ্বাসী। আমি জানি, শিশুরাও আমাদের আদর্শ মনে করে। আমি যদি খারাপ কিছু করি, তাহলে সেটা প্রতিপক্ষদের কাছে নয়, নিজের কাছেই মিথ্যা বলা হবে।’

নাদাল অবশ্য আরও অনেকের সমর্থন পাচ্ছে। স্পেনের ক্রীড়া কাউন্সিলের সভাপতি মিগুয়েল কারডেনাল যেমন বলেছেন, ব্যাশেলটের দাবিটা ক্রীড়া ইতিহাসের সেরাদের একজনকে অসম্মান করার একটা চেষ্টা। আর নাদালের চাচা মিগুয়েল তো সরাসরি বলে দিয়েছেন, ব্যাশেলট একজন অপদার্থ!