ডোপ পরীক্ষার পাসপোর্ট লাগবে বিশ্বকাপে
আগামী ২০১৪ বিশ্বকাপে প্রবেশাধিকার পেতে ‘পাসপোর্ট’ দেখাতে হবে ফুটবলারদের। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট থেকে বায়োলজিক্যাল বা জৈবিক পাসপোর্ট চালুর চিন্তাভাবনা করছে ফিফা। ডোপিং রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি এই পাসপোর্ট, যেখানে একজন খেলোয়াড়ের বিভিন্ন শারীরিক পরীক্ষার বৃত্তান্ত ঠিকুজি থাকে। এ ধরনের পাসপোর্ট চালু করে সবচেয়ে উপকার পেয়েছে সাইক্লিং। খেলাটির অলক্ষ্যে থাকা ডোপিংয়ের বিশাল এক ক্ষত উন্মোচিতও হয়েছে। কদিন আগে রজার ফেদেরার টেনিসেও জৈবিক পাসপোর্ট চালুর কথা বলেছেন। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা, বর্তমান পরীক্ষায় ধরা না পড়লেও কেউ ডোপ নিয়ে থাকলে ভবিষ্যতে উন্নত পরীক্ষায় ধরা পড়বে। আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) ফিফাকে কদিন ধরেই এ ব্যাপারে রাজি করানোর চেষ্টা করে আসছিল। পরশু জুরিখে দুই পক্ষের সভা শেষে ফিফা ওয়াডার পরামর্শ মেনে নিয়েছে। আগামী কনফেডারেশনস কাপে অংশ নিতে চলা সব খেলোয়াড়ের রক্ত ও মূত্রনমুনা পরীক্ষা করা হবে। ম্যাচ না থাকলেও আকস্মিকভাবে অনেকের ডোপ টেস্ট হবে। জৈবিক পাসপোর্ট সবচেয়ে বেশি কার্যকর ইপিওর বিরুদ্ধে। পারফরম্যান্স বাড়াতে ডোপপাপী খেলোয়াড়দের সবচেয়ে বেশি পছন্দই এই ইপিও। এ ছাড়া ফিফা খেলোয়াড়দের হরমোনের একটি বৃত্তান্তও তৈরি করছে বলে জানানো হয়েছে। এএফপি।