ডোপ পরীক্ষার বজ্র আঁটুনি
ড্রাগ প্রতারকেরা সাবধান। এবারের অলিম্পিকে পারফরম্যান্স-বর্ধক স্টেরয়েড নিয়ে অংশগ্রহণের চেষ্টা না করাই ভালো। এবার যে আগের অন্য যেকোনো অলিম্পিকের চেয়ে খুব সহজেই ধরা যাবে ডোপপাপীদের। বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ডব্লুএডিএ বা ওয়াডা) প্রেসিডেন্ট জন ফাহি পরশু জানিয়েছেন এটা। অলিম্পিককে কলঙ্কমুক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ওয়াডা। লন্ডনে আসতে পারতেন এমন প্রায় ১০০ অ্যাথলেট গত ছয় মাসে ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। মূল প্রতিযোগিতায় আসার আগেই যাতে রোধ করা যায় ডোপপাপীদের সেজন্যই ওয়াডা আগেভাগে শুরু করেছে ডোপবিরোধী অভিযান।ওয়াডা প্রধান জন ফাহি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক বৈঠকে বলেছেন, ‘১৯ জুনের আগের ছয় মাসে কমপক্ষে ১০৭ জনকে শাস্তি দেওয়া হয়েছে। আমি ঠিক নিশ্চিত নই এদের কতজন অলিম্পিকে আসতে পারত। অলিম্পিকে আসার স্বপ্ন হয়তো অনেকেই দেখেছে। তবে আমি খুশি মনেই বলছি লন্ডনে তারা আমাদের সঙ্গে নেই।’আগামীকাল থেকে শুরু হয়ে আগস্টের ১২ তারিখ পর্যন্ত চলবে অলিম্পিক। তবে প্রতিযোগিতা চলাকালে ডোপ পরীক্ষা শুরু হয়ে গেছে এরই মধ্যে। ১৬ জুলাই অলিম্পিক ভিলেজ খুলে দেওয়ার দিন থেকেই নেওয়া হচ্ছে পরীক্ষা। ইতিমধ্যে করা ৩০০ পরীক্ষায় অবশ্য কেউ পজিটিভ হননি। গেমস চলাকালে প্রায় ৬২৫০টি নমুনা পরীক্ষা করা হবে। এ সংখ্যাটা অন্য যেকোনো অলিম্পিকের চেয়েই বেশি। এএফপি, রয়টার্স।