ডোপ পাপীদের জন্য সতর্কবার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে শক্তিবর্ধনকারী মাদক নেওয়ার উদাহরণ নেহাত কম নয়। প্রায় প্রতিবারই ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন অনেক অ্যাথলেট। তবে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ডোপ পাপীদের জন্য সতর্কবার্তা পাঠিয়েছেন বিজ্ঞানীরা। অলিম্পিকের পরবর্তী আসরে অ্যাথলেটরা কোনো ধরনের প্রতারণার সুযোগ পাবেন না বলে হুঁশিয়ার করে দিয়েছেন লন্ডন অলিম্পিকের ডোপিংবিরোধী বিজ্ঞানীরা। ডোপিং শনাক্ত করার জন্য এবারই প্রথমবারের মতো একটা নতুন ধরনের রক্ত পরীক্ষা চালু করতে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া অলিম্পিক চলাকালে নতুন একটি পরীক্ষাগারে প্রায় ছয় হাজার রকমের পরীক্ষা করা হবে।শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য অ্যাথলেটরা এমন অনেক ড্রাগ ব্যবহার করেন, যাতে তাঁদের শরীরে লাল রক্তকণিকার পরিমাণ অনেক বেড়ে যায়। এতে তাঁরা অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে পারেন। প্রতারণামূলক এ প্রক্রিয়াটি অটোলোগাস ব্লাড ডোপিং নামে পরিচিত। গত ৩০ বছরে অনেক অ্যাথলেটই এ পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। বিজ্ঞানীরাও এটা রোধ করার জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তবে অলিম্পিকের এবারের আসর থেকে এর অবসান ঘটবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা। রক্তের লাল রক্তকণিকার জেনেটিক উপাদান বিশ্লেষণ করে তাঁরা বুঝতে পারবেন রক্তকণিকাগুলোর গঠন কীভাবে হয়েছে এবং এখানে কোনো লুকানো উপাদান আছে কি না। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্রাউন বলেছেন, ‘আমরা এবার রক্তের জেনেটিক উপাদানগুলো পরীক্ষা করতে পারব। এবং দেখতে পারব যে এখানে বাহ্যিকভাবে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না। আশা করছি, এ পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারব যে কোনো অ্যাথলেটের শরীরে স্বাভাবিকভাবে যে পরিমাণ রক্ত থাকে, তার চেয়ে বেশি লুকানো রক্তকণিকা আছে কি না।’-বিবিসি অনলাইন