ডোপ পাপীদের 'রূপকথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের সব ডোপ পাপীদের মতো নিজের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন ইয়াসিরও। সংগৃহীত ছবি
আগের সব ডোপ পাপীদের মতো নিজের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন ইয়াসিরও। সংগৃহীত ছবি

ডোপ পাপে অভিযুক্তদের ‘কালো তালিকা’য় নাম লিখিয়েছেন ইয়াসির শাহ। অভিযুক্ত হওয়ার পরই নিজের পক্ষে যুক্তি দিলেন, রক্তচাপ কমানোর ওষুধ খেতে গিয়েই না কি এমন বিপাকে পরেছেন তিনি। যুক্তিটা খারাপ নয়।

মাঠ ও মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেট মানেই তো নানা রকমের হুল্লোড়, উত্তেজনা। এত শত উত্তেজনা প্রশমনে একটু আধটু ‘নিদান’ নিতেই পারেন তিনি! আর ডোপ পাপে অভিযুক্ত হলে এমন যুক্তি দেখানোই স্বাভাবিক।


আগের সব ‘রথী-মহারথী’রা যা শুনিয়েছেন, সে তুলনায় অবশ্য পাকিস্তানি লেগ স্পিনারের অজুহাত বড্ড সাদামাটা, নীরস মনে হতে পারে। শেন ওয়ার্নের কথাই ধরুন, ২০০৩ বিশ্বকাপের আগে নিষিদ্ধ এক ওষুধ সেবনের দায়ে আটকা পড়লেন ওয়ার্ন। ধরা-টরা খেয়ে ভালোই এক যুক্তি দিলেন অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তি। নিষিদ্ধ এই ওষুধ নাকি মা দিয়েছেন। ছেলে নাকি মোটা হয়ে যাচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করতেই ওষুধটা খেতে দিয়েছিলেন মা! ওষুধ খেয়ে শুকিয়ে যান বা না যান এক বছরের জন্য নিষিদ্ধ ঠিকই হয়েছিলেন ওয়ার্ন! আজগুবি গল্প ফেঁদে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এই কিংবদন্তি স্পিনার।

পাকিস্তানের সাবেক দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ আর শোয়েব আখতারের ঘটনাও খুব বেশি পুরোনো নয়। ২০০৬ সালে নিষিদ্ধ বস্তুসহ ধরা পড়ার পর প্রথমে ব্যাপারটি উড়িয়েই দিচ্ছিলেন দুজন। তারপরও যখন ব্যাপারটি ধামাচাপা দেওয়া গেল না, আসিফ শোনালেন নিজের অজ্ঞতার গল্প। এশিয়ার মানুষজন খুব বেশি ওষুধ নিয়ে সচেতন নয়। এ কারণে তিনি নাকি ভিটামিনের ট্যাবলেট মনে করে ভুল ওষুধ খেয়ে ফেলেছেন! শোয়েবও ভিটামিনের কথাই বলেছিলেন।

তাঁদের পূর্বসূরিদের গল্পটা আরও মজার। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সমুদ্র সৈকতে গাঁজা নিয়ে ধরা পড়েছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ও মুশতাক আহমেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড কোথায় তাঁদের শাস্তি দেবে তা নয়, উল্টো বাঁচাতে এগিয়ে এল। টেস্টের আগে মনঃসংযোগ নষ্ট করতে নাকি খেলোয়াড়দের ফাঁসানো হয়েছে! খেলোয়াড়েরা যেন দুধে ধোয়া গাঁজার পাতা আরকি!

জাস্টিন গ্যাটলিন শুনিয়েছিলেন আরও মজার ঘটনা। ডোপ পরীক্ষায় ধরা পড়ার জানালেন, তিনি কখনোই এমন কিছু করেননি। তাহলে নমুনায় নিষিদ্ধ বস্তুর খোঁজ মিলল কীভাবে? মার্কিন স্প্রিন্টারের জবাব ছিল, এ বস্তু তিনি ছোটবেলা থেকেই নিচ্ছেন তাঁর মনঃসংযোগের ঘাটতি ও ছটফটে ভাব নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে। এমন যুক্তি ধোপে না টিকলেও শোনালেন আরেক গল্প। তাঁর ম্যাসাজ থেরাপিস্ট নাকি টেস্টোস্টেরন মিশ্রিত ওষুধ মালিশ করেছিল, সে জন্য তাঁর শরীরে এ নমুনা মিলেছে! আরেক ডোপপাপী মারিয়ন জোন্সও নাকি নিষিদ্ধ দ্রব্য নিয়েছিলেন পুষ্টিকর খাবার মনে করে!

তবে এত সব খোঁড়া যুক্তির ভিড়ে ব্যতিক্রম হয়ে আছেন ইয়ান বোথাম। পত্রিকার এক কলামে নিয়মিত গাঁজা সেবন করেন বলে স্বীকার করেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। এ জন্য তিন মাসের নিষেধাজ্ঞা জুটেছিল তাঁর কপালে। এ নিয়ে কোনো অনুশোচনাই ছিল না তাঁর। বরং বলতেন গাঁজা টানার কারণেই নাকি পুরো দেশকে ‘টেনে নেওয়া’র কঠিন কাজটি করতে পেরেছেন এক দশকেরও বেশি সময় জুড়ে!