ডোপ-পাপে ১৮ মাস নিষিদ্ধ পাওয়েল

১০০ মিটার দৌড়ের সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জ্যামাইকার একটি ডোপিং-বিরোধী ডিসিপ্লিনারি কমিটি। গত বছর দেশটির জাতীয় চ্যাম্পিয়নশিপে দেওয়া তাঁর নমুনা পরীক্ষা করে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। ৩১ বছর বয়সী এই জ্যামাইকানের নমুনায় উদ্দীপক ড্রাগ অক্সিলোফ্রিন ধরা পড়ে।
২০১৩ সালের ২১ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হবে। ফলে এ বছর ২০ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না পাওয়েল। উসাইন বোল্টের আবির্ভাবের আগে স্প্রিন্টে জ্যামাইকার এক নম্বর তারকা ছিলেন তিনি। বোল্টের আগে ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটির মালিক ছিলেন তিনিই। যদিও ব্যক্তিগত ক্যারিয়ারে কখনোই এই ইভেন্টে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারেননি।
জ্যামাইকান ক্রীড়াঙ্গনের জন্য এই সপ্তাহটিই ‘কালো সপ্তাহ’ হিসেবে বিবেচিত হতে পারে। পাওয়েলের এই নিষেধাজ্ঞার মাত্র কদিন আগে আরও দুই জ্যামাইকান অ্যাথলেট ১৮ মাস ও দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এঁদের একজন শেরন সিম্পসন পাওয়েলের অনুশীলন সঙ্গী। সিম্পসনও একই ড্রাগ নেওয়ার অপরাধে অপরাধী।
শুনানিতে পাওয়েল উপস্থিত না থাকলেও তাঁর আইনজীবী ছিলেন। সেই আইনজীবী বলেছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন। সূত্র: রয়টার্স।