ডোপপাপী রেহমান!
আবদুর রেহমান খুব দ্রুতই পাকিস্তান দলের নির্ভরযোগ্য বোলিং-অস্ত্র হয়ে উঠছিলেন। গত বিশ্বকাপে এই বাঁহাতি স্পিনারের ছিল নজরকাড়া পারফরম্যান্স। কিন্তু সেই রেহমানই কিনা নিষিদ্ধ ডোপিংয়ের কারণে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন!সামারসেটের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই যত বিপত্তি রেহমানের। ওখানেই পরীক্ষায় ডোপপাপী হিসেবে প্রমাণিত হয়েছেন তিনি। পরীক্ষায় রেহমানের ডোপপাপী প্রমাণিত হওয়ার এ তথ্য ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য আবদুর রেহমান অবশ্য চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না। তিনি পৃথিবীর ১৭তম ও তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার, যিনি ডোপ টেস্টে দোষী প্রমাণিত হলেন। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এর আগে মোহাম্মদ আসিফ ও শোয়েব আকতার ডোপপাপী হিসেবে পরীক্ষায় প্রমাণিত হয়েছিলেন।এদিকে আবদুর রেহমান নিজের এই কলঙ্ক অস্বীকার করে বলেছেন, তিনি কোনোভাবেই নিষিদ্ধ কোনো ওষুধ সেবন করেননি। কেবল তা-ই নয়, নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটানোর জন্য কখনো কোনো নিষিদ্ধ ওষুধ সেবনের কথা ভেবেও দেখেননি।গতকাল মঙ্গলবার লন্ডনে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মনে করতে পারছেন না যে সম্প্রতি কোনো ধরনের ওষুধ তিনি সেবন করেছেন কি না। রেহমান বলেন, ‘আমি আসলে ভাবতেও পারিনি যে আমি এই পরীক্ষায় দোষী প্রমাণিত হব। কারণ, সম্প্রতি কোনো ওষুধ সেবনের কথাই আমার মনে পড়ছে না। নিষিদ্ধ ওষুধ নেওয়ার ব্যাপারটি তো অনেক দূরের ব্যাপার।’ দুই বছর নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি নিয়ে কেন আলোচনা হচ্ছে, সেটা অবশ্য ভেবে পাচ্ছেন না আবদুর রেহমান। তিনি বলেন, ‘দুই বছর নিষিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। আমি ভেবে পাচ্ছি না লোকে দুই বছর নিষিদ্ধ হওয়ার কথা বলছে কেন? আমি আমার পারফরম্যান্স বাড়ানোর জন্য কোনো ওষুধ খাইনি—এটা হলফ করেই বলতে পারি।’ শিয়ালকোটে জন্ম নেওয়া রেহমান ১৭টি টেস্ট খেলে ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ৮১টি উইকেট। ২১টি ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ২৫ উইকেট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য নির্বাচকদের উপেক্ষারই শিকার হয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাঁর বদলে নির্বাচকেরা দলে নিয়েছেন তরুণ স্পিনার রাজা হাসানকে। ইএসপিএন।