ডোপপাপে সব হারাচ্ছেন আর্মস্ট্রং!
ট্র্যাক এবং ট্র্যাকের বাইরে জীবনযুদ্ধে ল্যান্স আর্মস্ট্রং হার মানেননি কখনোই। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে আবার ট্র্যাকে ফিরে রেকর্ড টানা সাতবার জিতেছেন বিশ্ব সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ট্যুর ডি ফ্রান্সের শিরোপা। আর্মস্ট্রং বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের অনুপ্রেরণার উৎস। কয়েক মাস আগে যুবরাজ সিং নিজেই যেমন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের অনুপ্রেরণা নিয়েছেন আর্মস্ট্রংয়ের কাছ থেকে। কিন্তু সেই আর্মস্ট্রং নিজেই এবার সরে দাঁড়ালেন লড়াইয়ের ময়দান থেকে। যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডোপিং এজেন্সির (ইউএসএডিএ) আনা ডোপিংয়ের অভিযোগের বিরুদ্ধে আর লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।গতকাল নিজের ওয়েবসাইট আর্মস্ট্রং ডটকমে আর্মস্ট্রং লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’ লড়াইয়ে ইতি টানার অর্থ কার্যত অভিযোগ তিনি স্বীকার করে নিচ্ছেন। যার অর্থ ১৯৯৮ সালের পর থেকে জেতা তাঁর সাতটি ট্যুর ডি ফ্রান্সের শিরোপাও ফিরিয়ে দিতে হবে। লড়াই থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই ইউএসএডিএ জানিয়ে দিয়েছে, আর্মস্ট্রংকে প্রতিযোগিতামূলক সাইক্লিংয়ে আজীবন নিষিদ্ধ করা হবে।অতীতে তাঁর বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ উঠেছে অনেকবারই। ২০০৯ ও ২০১০ সালের তাঁর রক্ত নমুনা ও অন্য সাইক্লিস্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ ইউএসএডিএ তাঁর বিরুদ্ধে ডোপ (ইপিও) নেওয়ার অভিযোগ আনে এ বছরেরই জুনে। আর্মস্ট্রং তখন থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁকে ডোপ নিতে প্ররোচনা করার দায়ে ইতিমধ্যে তিনজনকে নিষিদ্ধও করা হয়েছে। কিন্তু আর্মস্ট্রংয়ের বিষয়টি ঝুলে ছিল। কারণ, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলা ঠুকে দিয়েছিলেন আর্মস্ট্রং। কিন্তু গত সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ইউএসএডিএর বিরুদ্ধে তাঁর মামলা খারিজ করে দেন। অভিযোগ খণ্ডনে আর্মস্ট্রং যেতে পারতেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।কিন্তু ৪০ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি সাইক্লিস্ট অপ্রীতিকর বিষয়টি নিয়ে আর নাড়াচাড়া করতে রাজি নন, ‘আজ আমি এই অধ্যায় উল্টে ফেললাম। পরিস্থিতি বিবেচনা করে আমার আর বিষয়টিকে দীর্ঘায়িত করার ইচ্ছা নেই।’ ন্যায়বিচার পেলে এক লাফে ট্রাইব্যুনালের মুখোমুখি হতেন জানিয়ে আর্মস্ট্রং বলেছেন, ‘প্রত্যেক মানুষকেই জীবনের একটা সময়ে এসে বলতে হয়, ‘‘যথেষ্ট হয়েছে।” আমার এখন সেই সময়।’২০০৫ সালে একবার অবসর নিলেও ক্যারিয়ার নতুন করে শুরুর আশায় ২০০৯ সালে আবার ফেরেন ট্র্যাকে। কিন্তু সুবিধা করতে না পেরে ২০১১ সালে নিয়ে ফেলেন অবসর। ট্র্যাকের বাইরের এই জীবনে আর্মস্ট্রং ব্যস্ত নিজের গড়া প্রতিষ্ঠান ‘ল্যান্স আর্মস্ট্রং ফাউন্ডেশনের’ তহবিল গড়ার কাজে। ক্যানসার রোগীদের সাহায্যার্থে প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছেন ১৯৯৭ সালে।ইউএসএডিএর প্রধান ট্রাভিস টাইগার্ট আর্মস্ট্রংয়ের সব শিরোপা কেড়ে নেওয়া হবে ঘোষণা দিয়ে দিনটাকে অভিহিত করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের ‘দুঃখের দিন’ হিসেবে, ‘আমরা যারা খেলাধুলা ভালোবাসি, তাদের এবং আমাদের সব অ্যাথলেট নায়কদের জন্য দিনটা দুঃখের।’ টাইগার্ট এও বলেছেন, খেলাধুলা থেকে ‘যেকোনো মূল্যে জেতার সংস্কৃতিটা’ বদলানো দরকার। ওদিকে বিশ্ব ডোপবিরোধী এজেন্সির (ওয়াডা) প্রধান জন ফাহে বলেছেন, আর্মস্ট্রংয়ের সিদ্ধান্তে তিনি হতাশ। তিনি চান, আর্মস্ট্রং ট্রাইব্যুনালের মুখোমুখি হোন। এএফপি, রয়টার্স