ডোপিংয়ের বিরুদ্ধে যুদ্ধ

প্রতিশ্রুতি ছিল জমজমাট এক বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের। সারা বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে ছিল মস্কোয় জ্যামাইকান ও মার্কিন স্প্রিন্টারদের লড়াই দেখার জন্য। কিন্তু আগামী শনিবার শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে অ্যাথলেটিকস বিশ্বে এখন গুমোট আবহাওয়া। ডোপিং কেলেঙ্কারিতে জর্জরিত খেলাটি লড়ছে সুনাম পুনরুদ্ধারের জন্য। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) ঘোষণা দিয়েছে, মস্কোয় ডোপপাপীদের ধরার জন্য এমন ব্যবস্থা নেওয়া হবে, যা আগে কেউ কখনো দেখেনি। শুধু টুর্নামেন্ট চলাকালেই নয়, আগে-পরেও পরীক্ষা করা হবে অ্যাথলেটদের। ২০১১ সালের দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগেও ডোপ টেস্ট করা হয়েছিল। তবে এবার পরীক্ষার ব্যাপকতাটা বাড়ছে। যার প্রমাণ গত পরশু উসাইন বোল্টসহ জ্যামাইকার ৪৪ সদস্যের পুরো দলেরই ডোপ টেস্ট করা। ডোপবিরোধী বিশ্ব সংস্থার (ওয়াডা) প্রতিনিধিরা মস্কো এসে রক্তের নমুনা সংগ্রহ করেছেন জ্যামাইকা দলের। এর আগে কখনো বৈশ্বিক কোনো প্রতিযোগিতা শুরুর আগেই কোনো একটি দলের সবাইকে পরীক্ষা করা হয়েছে বলে শোনা যায়নি। জ্যামাইকা ওয়াডার কড়া নজরদারিতে পড়েছে গত মাসে আসাফা পাওয়েল ও শেরন সিম্পসনসহ জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ অ্যাথলেট ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়াতেই। এর আগে ধরা পড়েছেন অলিম্পিকে দুবার ২০০ মিটারজয়ী ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। বরাবরের মতো মস্কোয় প্রতিটি ইভেন্টে পদকজয়ীদের তাৎক্ষণিক পরীক্ষা করা হবে। এ ছাড়া দৈবচয়ন পদ্ধতি ও সন্দেহভাজন কোনো কোনো অ্যাথলেটেরও ডোপ টেস্ট করা হবে। সব মিলিয়ে ৪৫০ থেকে ৫০০ পরীক্ষা করা হবে। উদ্দেশ্য একটাই, অ্যাথলেটিকসকে ডোপিংয়ের অভিশাপ থেকে রক্ষা করা। এএফপি।