ডোপিংয়ের জালে পাঁচ মেক্সিকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডকাপ তাদের জন্য আক্ষরিক অর্থেই স্বর্ণপ্রসবা টুর্নামেন্ট। রেকর্ড পাঁচবার কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবারও চ্যাম্পিয়নের মতোই শুরু করেছিল মেক্সিকো, এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই উল্টো নিজেরাই ঝড়ের মুখে। মেক্সিকোর পাঁচ খেলোয়াড় যে পজিটিভ হয়েছেন ডোপ টেস্টে!সর্বশেষ কবে একই দলের পাঁচ ফুটবলার ডোপ টেস্টে ধরা পড়েছিলেন, সেটি গবেষণার বিষয়। আর তাই শুধু মেক্সিকান ফুটবলই নয়, বিশ্ব ফুটবল তোলপাড় করে তোলা এক খবর এটি। সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এই পাঁচজনকে। ফলে যুক্তরাষ্ট্রে চলমান গোল্ডকাপে খেলা হচ্ছে না তাঁদের। অবশ্য এই পাঁচজনকে ছাড়াই পরশু কিউবাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।জয় দিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও একই সঙ্গে পাঁচ ফুটবলারের ডোপ টেস্টে ধরা পড়ায় তোলপাড় ওঠার কথা মেক্সিকোর ফুটবলে। অবশ্য মেক্সিকোর ফুটবল সংস্থার (ফেমেক্সফুট) কর্মকর্তারা দাবি করেছেন, টুর্নামেন্ট-পূর্ব ক্যাম্পে ফুটবলাররা যে মাংস খেয়েছিলেন, তাতেই সমস্যা ছিল। এই ডোপ টেস্টের নমুনাও নেওয়া হয়েছিল ২১ মে। দ্বিতীয়বার ডোপ টেস্ট করা হলেই এই পাঁচজন মুক্তি পাবেন বলে আশা ফেমেক্সফুট কর্মকর্তাদের। সেই ডোপ টেস্টের দিকেই এখন তাকিয়ে আছেন অভিযুক্ত পাঁচজন—গোলরক্ষক গিলের্মো ওচোয়া, ডিফেন্ডার ফ্রান্সিসকো রদ্রিগেজ ও এডগার ডিউনাস, মিডফিল্ডার আন্তোনিও নেলসন ও ক্রিস্টিয়ান বারমুদেজ। ডোপ টেস্টে যাঁদের মূত্রনমুনায় নিষিদ্ধ পেশিবর্ধক ড্রাগ ক্লেনবুটেরল ধরা পড়েছে।গবাদিপশুকে স্বাস্থ্যবান করতেও এই ওষুধ খাওয়ানো হয়। এর আগেও অনেক অ্যাথলেট ক্লেনবুটেরলের জন্য ধরা পড়ার পর কারণ হিসেবে মাংস খাওয়াকেই দায়ী করেছেন। এঁদের মধ্যে আছেন তিনবারের ট্যুর ডি ফ্রান্সজয়ী আলবার্তো কন্টাডরও। ফেমেক্সফুটের জাতীয় দলের পরিচালক হেক্টর গঞ্জালেসও দাবি করেছেন, গোল্ডকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকোর হাইপারফরম্যান্স সেন্টারে অনুশীলন করার সময়ই খেলোয়াড়েরা এই দূষিত মাংস খেয়েছেন, ‘দুর্ঘটনাবশত এই খেলোয়াড়েরা দূষিত গোমাংস খেয়েছে, যে মাংসে ক্লেনবুটেরলের উপাদান ছিল। আমরা আত্মবিশ্বাসী, তদন্ত হলেই এই পরিস্থিতির একটা ব্যাখ্যা পাওয়া যাবে এবং আমরা সুখী সমাপ্তিই পাব।’ দ্বিতীয় নমুনা দেওয়ার জন্য এই পাঁচ খেলোয়াড়ের গতকালই লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। সেখানেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে। গঞ্জালেস দৃঢ়ভাবেই বলেছেন, সেই পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হবেন এই খেলোয়াড়েরা। কিন্তু যদি তা না হয়? তা হলে সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তাঁরা।ফেমেক্সফুট মহাসচিব ডেসিও ডি মারিয়া জানিয়েছেন, দূষিত এই মাংসের কারণে এর আগে মেক্সিকোতে স্বাস্থ্যসতর্কতা জারি করা হয়েছিল। গত এপ্রিলে জার্মানির ডোপিং-নিরোধক সংস্থাও খেলোয়াড়দের মেক্সিকান খাদ্যদ্রব্য পরিহার করার পরামর্শ দিয়েছিল, যাতে করে অজ্ঞাতে নিষিদ্ধ উপাদান খেলোয়াড়দের শরীরে না ঢোকে। সে সময় মেক্সিকো অবশ্য জোর গলায়ই দাবি করেছে, তাদের মাংসে কোনো ক্ষতিকর উপাদান নেই।পরশু ম্যাচের জন্য মেক্সিকো দলের আকার ২২ থেকে কমে ১৭ জনের হয়ে গিয়েছিল। তার পরও অনায়াসে জয় তুলে নিয়েছে তারা। এই বড় ধাক্কা সামলে নিয়ে কয়েক ঘণ্টা পরই কিউবার সঙ্গে ম্যাচটা ৫-০ গোলে জেতায় বড় অবদান জিওভানি ডস সান্তোস আর হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোল। ম্যানইউয়ের নতুন তারকা প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন। ফলে দুই ম্যাচেই পাঁচ গোল হয়ে গেল ‘চিচারিতো’র।টানা দুটি ম্যাচ তারা জিতল ৫-০ গোলে। তবে প্রথম ম্যাচের জয় এখন প্রশ্নবিদ্ধ। সে ম্যাচে মেক্সিকোর কাছে পরাজিত এল সালভাদরের কোচ রুবেন ইসরায়েল অবশ্য এ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘এটা খুবই স্পর্শকাতর বিষয়, কারণ এর সঙ্গে খেলোয়াড়দের (মেক্সিকোর) আর জাতীয় দলের নৈতিকতার বিষয়টি জড়িয়ে আছে। যদি নিশ্চিত হয় তারা অন্যায় করেছে, আমি নিশ্চিত, এল সালভাদরের ফুটবল সংস্থা জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করবে।’ এএফপি, রয়টার্স।