ডোপিংয়ের বিরুদ্ধে লড়বে সবাই
ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে জোরেশোরেই নামছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সে লড়াইয়ে আইওসির সঙ্গী ক্রীড়াঙ্গনের অধিকাংশ সংস্থাই। গতকাল সুইজারল্যান্ডের লুসানে আলোচনায় বসেছে আইওসি, বিশ্ব ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) ও প্যারালিম্পিক কমিটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও যোগ দিয়েছেন এ সমেলনে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণায় রাশিয়ার অ্যাথলেটরা নিষিদ্ধ ওষুধ নিয়েছেন, এমন খবরে কেঁপে উঠেছিল বিশ্ব। রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটিকস দলকে নিষিদ্ধ করে আইওসি বুঝিয়ে দিয়েছিল, কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না তারা। প্যারালিম্পিক কমিটি তো পুরো রাশিয়া দলকেই নিষিদ্ধ করে রিও প্যারালিম্পিক থেকে। আইওসি সভাপতি টমাস বাখও জানিয়েছেন, এই সম্মেলনে কিছু নতুন প্রস্তাব দেওয়া হবে।
ওয়াডার অধীনে একটি নিরপেক্ষ সংস্থার অধীনে ডোপ টেস্টের প্রস্তাব দেওয়া হয়েছে। এত দিন ফেডারেশনগুলো নিজেদের তত্ত্বাবধানে ডোপ পরীক্ষা করত, সেটি এখন থেকে না করার সম্ভাবনাই বেশি। নতুন সংস্থার প্রস্তাবের পেছনের কারণ হলো, আইওসির অনেক কর্মকর্তাই রাশিয়ার ঘটনায় ওয়াডার নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তুষ্ট। আরেকটি নতুন বিষয় ভেবে দেখছে আইওসি—সব খেলার ক্রীড়াবিদের শাস্তির ব্যবস্থা এখন থেকে হয়তো আন্তর্জাতিক ক্রীড়া আদালতই (সিএএস) নেবেন। এখন বিভিন্ন ফেডারেশন তাদের অধীনে থাকা খেলোয়াড়দের শাস্তি দেয়। কোনো খেলোয়াড় শাস্তির বিরুদ্ধে আপিল করলেই সিএএস তাদের সিদ্ধান্ত জানাতে পারে। এএফপি।