ডোপ-পাপ স্বীকার শারাপোভার

গত পরশু সকালে হঠাৎ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন। তখনই ফিসফাস শুরু হয়ে যায়, ২৯ বছর বয়সেই আবার অবসরের ঘোষণা-টোষণা দিয়ে ফেলবেন না তো! বাহুর চোটটা এক বছর ধরেই ভোগাচ্ছে, সেই অস্ট্রেলিয়ান ওপেনের পর তো আর কোর্টেই নামা হয়নি। কিন্তু লস অ্যাঞ্জেলেসে যে বোমাটা ফাটালেন, সেটা আরও বড়। মারিয়া শারাপোভা জানিয়েছেন, এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ‘পজেটিভ’ হয়েছিলেন। ২০০৬ সাল থেকে স্বাস্থ্যগত কারণে যে মেলডোনিয়াম নিয়ে আসছেন, সেটির জন্যই ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়েছেন।
শারাপোভার দাবি, এই ওষুধটি ১০ বছর ধরে নিয়ে আসছেন। মেলডোনিয়াম নামের ওষুধটা ডায়াবেটিস ও ম্যাগনেসিয়াম স্বল্পতার জন্য ব্যবহার করা হয়। কৈশোর থেকেই অসুস্থতার জন্য পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেটি নিয়ে আসছেন শারাপোভা। এত দিন সেটা নিয়ে কোনো সমস্যাও হয়নি। কিন্তু গত ১ জানুয়ারি থেকে যে সেটি নিষিদ্ধ হয়েছে, সেটা জানতেন না পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। গত ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠায়। কিন্তু শারাপোভা জানিয়েছেন, তখন ওই মেইলটা পড়ে দেখেননি। এখন সেটারই দায় নিতে হচ্ছে।
এর জন্য এখন কী শাস্তি পেতে হবে শারাপোভাকে? চূড়ান্ত শাস্তিটা কী হবে, সেটা এখনই বলার উপায় নেই। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফের নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হলে সর্বোচ্চ চার বছর নিষেধাজ্ঞার নিয়ম আছে। তবে অনিচ্ছাকৃতভাবে সেটি নিলে কোনো শাস্তি না-ও হতে পারে। আইটিএফ জানিয়েছে, ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা। শাস্তির ব্যাপারটা মেনে নিয়েছেন, ‘আমি জানি, ভুল করেছি। আমি ভক্তদের হতাশ করেছি, খেলাটাকেও ডুবিয়েছি। সেটার পরিণতিও আমাকে ভোগ করতে হবে।’ তবে এখনই টেনিস ক্যারিয়ারের শেষ দেখছেন না, ‘আমি এভাবে ক্যারিয়ার শেষ করতে চাই না। আশা করি, আবার খেলার সুযোগ পাব।’
এর মধ্যে পৃষ্ঠপোষকেরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি জানিয়েছে, তারা শারাপোভার সঙ্গে চুক্তি আপাতত বাতিল করেছে। ‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শারাপোভার সঙ্গে সাময়িকভাবে চুক্তি থাকছে না’—এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাইকি। অন্য পৃষ্ঠপোষকেরা এখনো নাইকির পথে হাঁটেনি, তবে সেই সম্ভাবনা আছে ভালোমতোই। এএফপি, রয়টার্স।