ড্র অনুষ্ঠানে ঘিগিয়াকে ব্রাজিলে আমন্ত্রণ

১৯৫০ বিশ্বকাপের ব্রাজিল-উরুগুয়ের অলিখিত ফাইনাল। মারাকানায় উন্মুখ লাখো দর্শক, অপেক্ষা শিরোপা নিয়ে সাম্বা উৎসবের। কিন্তু আলসিডেস ঘিগিয়া নামের একজন ঠিক করে রেখেছিলেন ভেস্তে দেবেন সব আয়োজন। ব্রাজিলকে হতভম্ব করে উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করলেন ওই ঘিগিয়া। ছিনতাই হয়ে গেল ব্রাজিলের সব আনন্দ-উৎসব। সেদিনের অঘটনটা ইতিহাসে পরিচিতি পায় ‘মারাকানাজো’ নামে। আর ঘিগিয়ার উক্তিটা তো হয়ে গেছে ফুটবল পুরাণেরই অংশ, ‘মাত্র তিনজন মুহূর্তের মধ্যে মারাকানার দুই লাখ মানুষকে স্তব্ধ করে দিতে পেরেছিল। ফ্রাঙ্ক সিনাত্রা, পোপ জন পল দুই ও আমি।’
এত দিন পর কেন পুরোনো গল্প ফাঁদা? সেই ঘিগিয়া যে আবারও আসছেন ব্রাজিলে। চমকে গেলেন? যাওয়াটাই স্বাভাবিক, ঘিগিয়ার বেঁচে থাকাটাই তো বিস্ময়ের। উরুগুয়ের সেই বিশ্বকাপজয়ী দলের আর কেউ বেঁচে নেই, আছেন শুধু ঘিগিয়া। সেই ১৯৫০-এর পর আবার বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। ডিসেম্বরে সেটার ড্র অনুষ্ঠানে ৮৬ বছর বয়সী ঘিগিয়াকে ফিফা আমন্ত্রণ না জানিয়ে পারে?
উরুগুয়ের এক ওয়েবসাইটকে খবরটা নিজেই জানিয়েছেন ঘিগিয়া, ‘ফিফার কাছ থেকে আমন্ত্রণ পাওয়াটা দারুণ।’ গত বছর এক সড়ক দুর্ঘটনায় আরেকটু হলেই প্রাণটা যেতে বসেছিল এই সাবেক উইঙ্গারের। কথা বলেছেন সেটা নিয়েও, ‘প্রতিকূলতার বিরুদ্ধে আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। খুব ঠান্ডার দিন ছাড়া আমি ঘরে বসে থাকতে পছন্দ করি না। যদ্দুর পারি সময়টাকে কাজে লাগিয়ে হাঁটার চেষ্টা করি।’ শরীরই শুধু বলে বয়স হয়ে গেছে, কিন্তু কথাবার্তা শুনলে কে বলবে তাঁর ৮৬ চলছে! আর প্রসঙ্গটা যখন বিশ্বকাপ, ঘিগিয়াকে মাতাল করে দেয় চিরসজীব এক স্মৃতি। রয়টার্স।