ড্র-ই হলো ডানেডিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালামের কণ্ঠে আফসোস, ‘আরেকটা দিন যদি থাকত!’ অ্যালিস্টার কুকের কণ্ঠে স্বস্তি, ‘ভাগ্য ভালো, শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করতে পেরেছি।’ দুই অধিনায়কের প্রতিক্রিয়াতেই পরিষ্কার, বৃষ্টির পেটে যাওয়া প্রথম দিনটাই শেষ পর্যন্ত হয়ে থাকল ম্যাচের নিয়ামক। বাগে পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারল না নিউজিল্যান্ড।ইংলিশ অধিনায়ক ভাগ্যকে কৃতজ্ঞতা জানালেও কৃতিত্ব তাদেরও কম নয়। তিন দিন শেষে মনে হচ্ছিল ইংল্যান্ডের হার শুধু সময়ের ব্যাপার। কিন্তু প্রায় দুই দিন দাঁতে দাঁত চেপে ব্যাট করে দুয়ার থেকে হারকে ঠেলে দিয়েছে ইংলিশরা। এই নিয়ে টানা দুই টেস্টে একই অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে নাগপুর টেস্টেও তৃতীয় ইনিংসে প্রায় দুই দিন ব্যাট করে ড্র করেছিল কুকের দল। দলের এই হার না-মানা মানসিকতায় খুশি কুক, কিন্তু বারবার এমন খাদে পড়াটাও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ইংলিশ দলপতির কপালে। ইংল্যান্ডের শেষ দিনের নায়ক স্টিভেন ফিন। টেস্টে প্রথমবার নৈশপ্রহরী হিসেবে ব্যাট করতে নেমেই দীর্ঘদেহী পেসার করেছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে প্রথম ফিফটি। প্রায় পাঁচ ঘণ্টা উইকেটে থেকে ৫৬ রান করেছেন ফিন। পঞ্চাশ ছুঁয়েছিলেন ১৪২ বলে, পরের ৬ করতে খেলেছেন আরও ৬১ বল! তৃতীয় উইকেটে ট্রটের সঙ্গে ৯০ রানের জুটি হয়েছে প্রায় ৩০ ওভারে। ৩৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে খানিকটা উত্তেজনা ফিরিয়েছিল কিউইরা। বেল-প্রায়রের ১৬ ওভারে ৩১ রানের জুটিতে দূর হয়েছে ইংলিশদের শঙ্কা। ওয়েবসাইট।