ড্র করল জুভেন্টাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের শিরোপা জয়ের গতিপথে একটা প্রতিবন্ধক তুলে দিল পার্মা। পরশু পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে জুভ। ফলে গত শনিবার শীর্ষে ওঠা এসি মিলানই রইল এক নম্বরে। দুই দলের ব্যবধান অবশ্য মাত্র ১ পয়েন্ট। জুভেন্টাস ম্যাচও খেলেছে একটি কম। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬ এবং মিলানের ২৩ ম্যাচে ৪৭। এএফপি।পরশু পার্মার মাঠে সফরকারীরা অনেক সুযোগ নষ্ট করেছে, রেফারিও বঞ্চিত করেছেন তাদের। অতিরিক্ত সময়ে বক্সে আন্দ্রিয়া পিরলোকে ফেলে দিয়েও বেঁচে গেছে পার্মা। আর এটাই চটিয়েছে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তেকে। ম্যাচ শেষে তিনি হাজির ষড়যন্ত্র-তত্ত্ব নিয়ে, ‘তাঁরা (রেফারিরা) আমাদের পেনাল্টি দিতে ভয় পাচ্ছে। আমি কোনো বিশেষ সুবিধা চাই না, তবে ২২ ম্যাচে মাত্র একটি পেনাল্টি, অবিশ্বাস্য। কোন দলটা আমাদের চেয়ে কম পেনাল্টি পেয়েছে?’