স্টিভেন জেরার্ড বেজায় খুশি। না, কাল ইউক্রেনের দানেৎস্কে জেরার্ডের ইংল্যান্ড জেতেনি। তবে হারেওনি। ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেই খুশি ইংলিশ অধিনায়ক। ফরাসিরা যেভাবে চেপে ধরেছিল ইংলিশদের, তাতে কোনোমতে ড্র করেই হাঁফ ছেড়ে বেঁচেছেন জেরার্ড। ম্যাচে ফ্রান্সের প্রাধান্যটা স্পষ্ট পরিসংখ্যানেই। তারা গোলে শট নিয়েছে ১৫টি, অন্যদিকে ইংল্যান্ড মাত্র ১টি। ইংল্যান্ডকে বাঁচিয়েছেন গোলরক্ষক জো হার্ট। ৬টি সেভ করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক।ম্যাচে অবশ্য প্রথম সুযোগ ও গোল দুটোই ইংল্যান্ডের। ১৫ মিনিটে অ্যাশলি ইয়াংয়ের কাছ থেকে বল জেমস মিলনার বল জড়ান বাইরের জালে। ৩০ মিনিটে জেরার্ডের মাপা ফ্রিকিকে মাথা ছুঁইয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন জোলিয়ন লেসকট। ইংল্যান্ডের জার্সি গায়ে ম্যান সিটি ডিফেন্ডারের এটাই প্রথম গোল।ইংল্যান্ড এগিয়ে ছিল মাত্র ৯ মিনিট। লেসকটের ক্লাব সতীর্থ সামির নাসরিই সমতায় ফেরান ফ্রান্সকে। নাসরি পেনাল্টি বক্সের বাইরে থেকে চমৎকার শটে পরাস্ত করেন আরেক সতীর্থ জো হার্টকে। এর কিছুক্ষণ আগেই আলু দিয়ারার জোরালো হেডকে অসাধারণভাবে ফিরিয়েছিলেন হার্ট।শুধু দিয়ারাই নন, ইয়োহান ক্যাবায়ে, ফ্রাঙ্ক রিবেরি ও করিম বেনজেমা প্রত্যেকেই গোলের সুযোগ নষ্ট করেছেন। তাই আক্রমণের পর আক্রমণ করেও আর দ্বিতীয় গোলের দেখা পায়নি ফ্রান্স।ম্যাচ শেষে হতাশাই ঝরল ফ্রান্স মিডফিল্ডার আলু দিয়ারার কণ্ঠে, ‘বল দখলে রাখার বিষয়টা মাথায় রেখে আমাদের অনুতাপই হচ্ছে। এটা লজ্জাকর। কারণ, আজ রাতে আমাদের জেতার সুযোগ ছিল।’ রয়টার্স।