ড্র করলেই হয় আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইয়ের জমজমাট এক সপ্তাহে বড় সব দল খেলে ফেললেও এখনো মাঠেই নামেনি আর্জেন্টিনা! অবশেষে নামছে আজ (বাংলাদেশ সময় কাল সকালে)। প্যারাগুয়ের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। এমন মাহেন্দ্রক্ষণ কলম্বিয়ার জন্যও আজ আসতে পারে, যদি তারা উরুগুয়ের মাঠ থেকে নিয়ে আসতে পারে ১টি পয়েন্ট।
প্যারাগুয়ে লাতিন আমেরিকায় অনেক দিন ধরেই সমীহ-জাগানিয়া নাম। টানা চারটি বিশ্বকাপ খেলেছে, সর্বশেষটিতে খেলেছে কোয়ার্টার ফাইনালও। কিন্তু এবার বিশ্বকাপ খেলার স্বপ্নটা একরকম ভেস্তেই গেছে। পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় দেশটি আজ আতিথ্য দেবে আর্জেন্টিনাকে।
কিন্তু বিশ্বকাপ থেকে নিঃশ্বাস-ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে যতটা স্বস্তিতে থাকার কথা, ততটা আলেসান্দ্রো সাবেলা থাকতে পারছেন কই? নিষেধাজ্ঞায় পড়ে যে আজ খেলতে পারছেন না গঞ্জালো হিগুয়েইন, হাভিয়ের মাচেরানো। দুই দলের সাম্প্রতিক ইতিহাস অবশ্য সাবেলাকে আশাবাদীই করে। বাছাইপর্বের সর্বশেষ সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছিল ৩-১ গোলে। তবে নতুন কোচ ভিক্টর জেনেসকে পেয়ে আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে প্যারাগুয়ে, গত ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। তার ওপর আজকের খেলাটা নিজেদের মাঠে। লিওনেল মেসি তাই বললেন, ‘এটা কঠিন একটা ম্যাচ হবে। তবে আমাদের সময়টা ভালোই যাচ্ছে। আমি আশা করব আজও সে রকমই যাবে।’
আজ অবশ্য অলিখিত আরেকটা লড়াইয়েও নামছেন মেসি। লাতিন আমেরিকান বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে মেসি (৮) পিছিয়ে আছেন লুইস সুয়ারেজের (১০) চেয়ে। সতীর্থ হিগুয়েইনও (৯) অবশ্য তাঁর ওপরে।
তবে মেসির জন্য যতটা নয়, সুয়ারেজের জন্য গোল করা তার চেয়েও অনেক বেশি জরুরি। উরুগুয়ের বিশ্বকাপ-যাত্রা এখনো ঘোর অনিশ্চয়তায়। এ ম্যাচটা জিতলে স্বপ্নটা অনেক রঙিন হবে বটে, কিন্তু দেশের মাটিতে প্রতিপক্ষ যে কলম্বিয়া! দুর্দান্ত ফর্মে থাকা ফ্যালকাওয়ের দল ১ পয়েন্ট পেলেই চলে যাবে বিশ্বকাপে।
লড়াই জমে উঠেছে কনক্যাকাফ অঞ্চলেও। সাম্প্রতিক ফর্মহীনতা ও কোচ ছাঁটাইয়ের পর বেশ সঙ্গিন অবস্থা বিশ্বকাপের পরিচিত দল মেক্সিকোর। আজকের ম্যাচটা পুরোনো প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে। কোস্টারিকার সঙ্গে আগের ম্যাচটা হেরে ক্লিন্সমানের দলও একটু পিছিয়ে পড়েছে। আর শীর্ষে থাকা কোস্টারিকার সুযোগ জ্যামাইকাকে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার। এএফপি।