ড্র করার খুব ভালো সুযোগ

টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ হয়ে সকালে চট্টগ্রাম পৌঁছে ১১টার দিকেই মাঠে চলে এসেছি। কুমার সাঙ্গাকারার ইতিহাস গড়া তাই মাঠে বসেই দেখলাম। ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিদিন বিস্ময়ই শুধু বেড়ে চলেছে। এখনো প্রতিটি ইনিংসে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, তীব্র রানক্ষুধাই বলে দেয় কেন সে সত্যিকারের গ্রেট ব্যাটসম্যান।
স্বস্তির ব্যাপার, আমরাও দিনটি ভালোভাবে পার করে দিতে পেরেছি। তামিম-শামসুর বেশ আস্থার সঙ্গেই দিনটা নিরাপদে পার করতে পেরেছে। সব উইকেট হাতে নিয়ে শেষ দিন শুরু করতে পারা বড় একটি স্বস্তি। ড্র করার খুব ভালো একটা সুযোগ এখন আমাদের সামনে। আমি ভেবেছিলাম, সাঙ্গাকারার সেঞ্চুরির পরই ওরা ইনিংস ঘোষণা করে দেবে। কিন্তু পরে চান্ডিমালকেও সেঞ্চুরির সুযোগ দিল। ইনিংস ঘোষণা একটু দেরিতে করল কি না ওরা, তা নিয়ে তর্ক হতে পারে। তবে সেই তর্কে আমি যেতে চাই না। ওরা হয়তো ওদের পরিকল্পনামতোই এগিয়েছে। কোনো সন্দেহ নেই শেষ দিনে ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। হারের কোনো সম্ভাবনা যেহেতু নেই, শুরু থেকেই আক্রমণ করবে। আমাদের চরিত্রের বড় একটা পরীক্ষাও হয়ে যাবে। সেই পরীক্ষায় উতরাতে না পারার কোনো কারণ দেখছি না আমি। যদি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সোজা ব্যাটে খেলতে পারি আমরা, ড্র করতে না-পারার কারণ নেই। আর আমরা যদি উইকেট না হারাই, ওরা তাহলে অধৈর্য হয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রান করার মতো বল অনেক দেবে। রানের বোঝাটার কথা না ভেবে তাই দেখেশুনে খেলে উইকেট ধরে রাখতে হবে। কাল (আজ) প্রথম সেশনটি খুব গুরুত্বপূর্ণ। আজ (কাল) বিকেলের মতো শেষ দিন লাঞ্চ পর্যন্ত যদি নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারে দুই ওপেনার, ড্র তখন দৃষ্টিসীমাতেই থাকবে।
চা-বিরতিতে সেন্টার উইকেটে বোলিং করার সময় উইকেট খুব কাছ থেকেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে উইকেটে খুব একটা পরিবর্তন আসেনি। এখনো ব্যাটিংয়ের জন্য খুব ভালো। বাউন্স হয়তো মাঝেমধ্যে খানিকটা অসমান, একটি-দুটি বল উঁচু-নিচু হচ্ছে। শুরুতে ব্যাটিং খানিকটা কঠিনও। তবে কিছুক্ষণ সময় কাটালে এখানে লম্বা সময় আঁকড়ে থাকা কঠিন কিছু নয়। টার্ন থাকলেও সেটা হবে স্লো টার্ন, ব্যাটসম্যানদের জন্য খুব ভয়ংকর হওয়ার কথা নয়। ব্যাটসম্যানের মনঃসংযোগ আর লম্বা ইনিংস খেলার মানসিকতাটাই জরুরি। প্রথম ইনিংসে অজন্তা মেন্ডিস ৬ উইকেট পেয়েছে, দিলরুয়ান পেরেরাকেও বেশ ভালো স্পিনার মনে হয়েছে। তবে দুজনের কেউই তো আর মুরালির মতো স্পিন-জাদুকর নন! আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য আছে ওদের অনায়াসেই খেলার। আশা করি, সামর্থ্যের প্রতিফলনটাই আজ পড়বে মাঠে।