ড্র করার পেছনে কোনো অজুহাতই দেওয়া যায় না: গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে আবারও অঘটনের জন্ম দিল বার্সেলোনা। লিগের দ্বিতীয় ম্যাচেই নবাগত হারকিউলিসের কাছে ২-০ গোলে হেরে ন্যু ক্যাম্প স্তব্ধ করে দিয়েছিল গতবারের শিরোপা জয়ীরা। গতকাল লিগের ষষ্ঠ ম্যাচে আবারও নিজেদের মাঠেই রিয়াল মালোর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করে করে বসেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি। প্রায় পুরো সময়ই মাঠে আধিপত্য বিস্তার করে খেলার পর পয়েন্ট ভাগাভাগি করে নেওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। এই ড্র করার পেছনে কোনো অজুহাতই খাটে না বলে মন্তব্য করেছেন তিনি।ইনজুরির কারণে রিয়াল মালোর্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি জাভি। মাঠে ছিলেন না ডেভিড ভিয়াও। তার পরও খেলার ৭৫ ভাগ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। গোলের প্রচুর সুযোগ সৃষ্টি করলেও গোল না করতে পারার ব্যর্থতায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।খেলা শুরুর আগে বার্সা কোচ গার্দিওলা গর্ব করে বলেছিলেন, তাঁর দল যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগ ছত্রভঙ্গ করে দিতে সক্ষম। কিন্তু ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলার কণ্ঠে স্পষ্টই ঝড়ে পড়ল হতাশা, ‘আজকে কোনো অজুহাতই খাটে না। খেলাটায় জেতার অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা জিততে পারিনি। দুটি পয়েন্ট আমরা হাতছাড়া করেছি। আমাদের জেতা উচিত ছিল।’