ড্র করে অবাক ওয়াসিম
আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে হারলেও বেশ ভালো খেলেছিল ব্রাদার্স। পরের ম্যাচে কাল দুর্বল আরামবাগের সঙ্গে সেই ব্রাদার্সকে খুঁজেই পাওয়া গেল না। এই সুযোগে ম্যাচটা ০-০ রেখে একটা পয়েন্ট তুলে নিল আরামবাগ। ব্রাদার্স আক্রমণের মূল অস্ত্র ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটন ছন্দে নেই। তার ওপর গোলের জন্য দল যাঁর দিকে তাকিয়ে থাকে, ঘানার সেই স্ট্রাইকার এনক বেনটিল ম্যাচের ৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান। এটা বড় ক্ষতির কারণ হলো ব্রাদার্সের জন্য। গোটা ম্যাচে ব্রাদার্স সহজ সুযোগ পেয়েছে একটি। কিন্তু ক্যামেরুনের স্ট্রাইকার রিচার্ড পোস্টে হেড করলেও আরামবাগ ডিফেন্ডার দ্বীন মোহাম্মদ গোল বাঁচিয়ে দেন।বেনটিল মাঠ ছাড়ায় কিছুটা চাপমুক্ত হয়ে খেলতে পেরেছে আরামবাগ। সুযোগও পেয়ে গিয়েছিল তাড়াতাড়ি। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার সুবাইর ওমোবোলাজির শট ফিরে আসে ক্রসবারে লেগে। ব্রাদার্স গোলরক্ষক মিতুলকে একা পেয়েও গোল করতে ব্যর্থ লাইবেরিয়ার স্ট্রাইকার বেঞ্জামিন। রহমতগঞ্জের কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হারের পর ব্রাদার্সকে কাল কমলাপুর স্টেডিয়ামে বাগে পেয়েও ৩ পয়েন্ট নিতে পারলেন না আরামবাগের বিদেশিরা।ব্রাদার্স কোচ খন্দকার ওয়াসিম ইকবাল বুঝতে পারছেন না তাঁর দল কেন অগোছালো খেলল, ‘আমার কাছে অবাকই লাগছে ম্যাচটা দেখে। আগের ম্যাচের খেলাটাই খেলতে বলেছিলাম ছেলেদের। কিন্তু ওরা ওই ম্যাচের ধারেকাছেও যেতে পারেনি। এটা নিয়ে আমাকে কাজ করতে হবে।’ব্রাদার্স: মিতুল, অপু, তোফাজ্জল, ইমরোজ, আশরাফুল, নাহিদ, কবির, এভারটন, ড্যানিলো, রিচার্ড (তরু), বেনটিল (তপু)।আরামবাগ: দ্বীন মোহাম্মদ, মুন্না, শরিফ, আকরাম, ফয়সাল, ডালিম, মনু, খালিদ (তূর্য), ওমোবোলাজি, মোস্তফা কাবা, বেঞ্জামিন।আজকের খেলা: শেখ জামাল ধানমন্ডি-মুক্তিযোদ্ধা (বিকেল ৪টা, কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম)।