উত্তেজিত আলী আকবর পোরমুসলিমিকে বেশ অচেনা মনে হচ্ছিল। আপাদমস্তক ভদ্র ইরানি কোচ ম্যাচ শেষে রাগে ফুঁসছিলেন। একে তো স্ট্রাইকাররা গোল করতে পারেননি। তার ওপর হয়েছে পেনাল্টি মিস। ফরাশগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর আবাহনী কোচ ধুয়ে দিলেন রেফারিকে। কাল ড্র করে শিরোপা লড়াইয়ে বিরাট চাপে পড়ে গেল আবাহনী। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আবাহনী এখনো ২ নম্বরেই। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা। আবাহনীর বাকি দুই ম্যাচ ফেনী সকার ও মুক্তিযোদ্ধার সঙ্গে। ওই দুই ম্যাচ জিতলে তো কথাই নেই। তবে একটি জয়ের পাশাপাশি অন্য ম্যাচটি ড্র করলেও চলবে তাদের। সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সঙ্গে প্লে-অফ খেলা লাগবে না। কিন্তু মনস্তাত্ত্বিক চাপ যেভাবে জেঁকে বসল আবাহনীর ওপর, তাতে কী হয় কে বলতে পারে। শিরোপা লড়াইয়ের উত্তেজনা তুঙ্গে। আলী আকবর যেভাবে রেফারির সমালোচনা করলেন, তাতে অনেকে বলবেন এটি তাঁর স্ট্রাইকারদের ব্যর্থতা আড়ালের চেষ্টা। মরিয়া চেষ্টা করেও ফ্রাঙ্ক, ইব্রাহিমরা গোলমুখ খুঁজে পাননি। ৭৮ মিনিটে বক্সের মধ্যে জাহিদকে ফেলে দেন ফরাশগঞ্জ ডিফেন্ডার জামির। পেনাল্টি পায় আবাহনী। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফ্রাঙ্ক। ফরাশগঞ্জ গোলরক্ষক শাকিল বাঁ দিকে ঝাঁপিয়ে আবাহনী স্ট্রাইকারকে রুখে দেন। এই পেনাল্টি নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠ ছেড়ে আসেন ফরাশগঞ্জের খেলোয়াড়েরা। কর্মকর্তাদের হস্তক্ষেপে পাঁচ মিনিট পর তাঁরা খেলায় ফেরেন। শুরু থেকেই আক্রমণে গেলেও আবাহনী ফরাশগঞ্জের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি। অতিরক্ষণাত্মক কৌশলে আবাহনীকে গোলই করতে দেয়নি ফরাশগঞ্জ। উল্টো তারা এগিয়েও যেতে পারত। ৬০ মিনিটে ওয়ালির ব্যাকপাস ধরতে ব্যর্থ হন আবাহনীর দ্বিতীয় গোলরক্ষক জিয়া, সেটি গড়িয়ে গড়িয়ে সাইড পোস্টে লাগে। সামনে দাঁড়ানো জুনাপিও তাতে পা ছোঁয়াতে পারলেই নির্ঘাত গোল পেয়ে যায় ফরাশগঞ্জ। এরপর ওই পেনাল্টির ঘটনা। পয়েন্ট খুইয়ে হতাশ আলী আকবর প্রথমে কিছু বলতেই চাইলেন না। পরে করলেন রেফারির সমালোচনা, ‘রেফারিদের এমন নেতিবাচক আচরণের কারণেই আজ বাংলাদেশের ফুটবলের এমন অবস্থা। নেপালের কাছে হারতে হয়। আপনারাই বলুন, পেনাল্টির বাঁশি দেওয়ার ১০ মিনিট পরও কেন খেলোয়াড়রা মাঠের বাইরে বসে থাকে? কেন রেফারি কার্ড দেখান না। এতে তো খেলোয়াড়দের টেম্পো নষ্ট হয়ে যায়।’ ফরাশগঞ্জ কোচ কামাল বাবু আত্মপক্ষ সমর্থন করলেন, ‘ছোট দলের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ জানানোর ভাষা নেই। বাধ্য হয়েই এটা করেছি।’