ড্র করে দ্বিতীয় পর্বে ব্রাজিল, পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের বিপক্ষে জিততে না পারলেও ডারবানে আজ একটা রেকর্ড করে ফেলেছে ব্রাজিল। ১৯৭৮ সালের পর এই প্রথমবারের মতো গ্রুপ পর্বের কোনো খেলায় গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।জোগো বোনিত্তো বা সুন্দর ফুটবলের গর্ব করা ব্রাজিল আজ সমর্থকদের হতাশই করেছে। নিলমারের একটি বল বারপোস্টে লাগা ছাড়া দলটি সমর্থকদের জন্য উত্তেজনার কোনো রসদ সরবরাহ করতে পারেনি। পর্তুগালও ক্রিস্টিয়ানো রোনালদোর মাধ্যমে কয়েকটি প্রতি আক্রমণ ছাড়া তেমন কিছু করতে পারেনি। পুরো প্রথমার্ধ জুড়ে গা জোয়ারি ফুটবলের প্রদর্শনীর মাধ্যমে দুই দলই দর্শকদের হতাশ করেছে। পুরো খেলায় সাতটি হলুদ কার্ডই প্রমাণ করে কতটা শক্তিনির্ভর খেলা খেলেছে দুটি দল।আইভরিকোস্টের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় আজ পর্তুগালের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলীয় প্লে-মেকার কাকা। তবে কোচ দুঙ্গা আজ জুয়া খেলেছিলেন আরেক প্লে-মেকার রবিনহোকে না খেলিয়ে। এই দুই তারকা খেলোয়াড়ের অনুপস্থিতিতে সৃষ্টিশীল ফুটবল খেলার চেষ্টা অনুপস্থিত ছিল ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে।দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যেতে পারত পর্তুগাল। এ যাত্রা বিপদ থেকে ব্রাজিলকে রক্ষা করেন অধিনায়ক লুসিও ও গোলরক্ষক হুলিও সিজার। ডান প্রান্ত থেকে বল নিয়ে ব্রাজিলীয় সীমানায় ঢুকে পড়েন দ্রুতগতির ক্রিস্টিয়ানো রোনালদো। লুসিও রোনালদোকে ট্যাকল করলে তিনি কোনো মতে ফাঁকায় দাঁড়ানো রাউল মিরেলেসের কাছে মাইনাস করেন। মিরেলেস বলটি গোলে মারলেও হুলিও সিজার কোনো মতে তা রক্ষা করেন।ব্রাজিল দ্বিতীয়ার্ধে বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। সবচেয়ে দৃষ্টিকটু ছিল, ব্রাজিলের খেলোয়াড়দের গোল করার মতো আক্রমণ করতে না পারা।সব মিলিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সবচেয়ে প্রার্থিত খেলাটি একরাশ হাতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি দর্শকদের। আজকের খেলা ড্র হওয়ায় ব্রাজিল ‘জি’ গ্রুপে শীর্ষস্থানই ধরে রাখল।