ড্র করে ফিরল স্পেন-হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজয়ের হাসি নিয়ে মেক্সিকো সিটিতে পা রেখেছিল স্পেন। দোনেেস্ক যাওয়া হল্যান্ড দল অমন হাসি হাসতে পারেনি বটে, কিন্তু বিশ্বকাপ ফাইনাল খেলার গৌরব ছিল তাদেরও সঙ্গী। তবে মেক্সিকো থেকে ফেরার সময় স্পেনের হাসি আর ইউক্রেন থেকে ফেরার সময় হল্যান্ডের সেই গৌরব কিছুটা কি ম্লান হয়নি? বিশ্বকাপের দুই ফাইনালিস্ট তারা, অথচ বিশ্বকাপ-পরবর্তী জীবন শুরু করল ড্র দিয়ে। স্পেন-মেক্সিকো আর ইউক্রেন-হল্যান্ড দুটি প্রীতি ম্যাচই পরশু ড্র হয়েছে ১-১ গোলে।স্পেনের এই ড্রয়ে অনেকেই হয়তো অনেক কিছু বলবে। অনেকে অনেক কারণ খুঁজবে। কিন্তু স্পেনের বিশ্বজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক এই ড্রকে পাত্তা দিচ্ছেন না মোটেই। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই ম্যাচের জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না। আমার খেলোয়াড়েরা এমনভাবে খেলেছে যেন ওরা অনুশীলনে সময় কাটাচ্ছে।’দেল বস্ককে হয়তো পরাজয়ের কারণই ব্যাখ্যা করতে হতো, যদি ডেভিড সিলভা শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হতেন। এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া হাভিয়ের হার্নান্দেজের ১২ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। কিছুতেই গোল শোধ করতে পারছিল না ইনিয়েস্তাবিহীন স্পেন। অবশেষে ৯০ মিনিটে দারুণ এক গোল করে স্পেনকে পরাজয়ের হাত থেকে বাঁচান বিশ্বকাপের পর প্রথম মাঠে নামা সিলভা।হল্যান্ডের ব্যাপারটা অবশ্য ভিন্ন। ৭৩ মিনিটে লেনসের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল হল্যান্ডই। কিন্তু অগ্রগামিতা ধরে রাখতে পারে মাত্রই ২ মিনিট। অ্যালিয়েভের ৭৫ মিনিটের গোলে ম্যাচে ফেরে ইউক্রেন। তবে স্পেন কোচ দেল বস্কের মতো এই ড্রটাকে হালকাভাবে নেননি ডাচ কোচ ফন ডার মারউইক, ‘প্রথমার্ধে আমরা একটু নার্ভাস ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। তবে ইউক্রেন খুব অভিজ্ঞ দল।’দুই ফাইনালিস্টের পাশাপাশি বাকি দুই সেমিফাইনালিস্ট প্রীতি ম্যাচ খেলেছে বুধবার। তাতে উরুগুয়ে লিসবনে গিয়ে ২-০ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলাকে, আর জার্মানি কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ২-০ এগিয়ে গিয়েও বাধ্য হয়েছে ড্র করতে। অভিজ্ঞতা বলতে কিছুই নেই নরওয়ের সঙ্গে খেলা ফ্রান্স দলটির। শাস্তিস্বরূপ বিশ্বকাপের পুরো দলটিকে বাদ দিয়েছেন ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁ। বেন আরাফার গোলে ব্লাঁর দল অসলোতে প্রথমে এগিয়েও গিয়েছিল। কিন্তু ২ মিনিট পরই ম্যাচে সমতা আনেন হাসেকলেপ। ৭১ মিনিটে নরওয়ের জয়সূচক গোলটিও করেন তিনিই।পরাজয় সব সময়ই হতাশার। তবে এই পরাজয়ের পর ব্লাঁর মনে হতাশা আর আনন্দের যুগলবন্দী, ‘আমরা সব সময় জয়ের জন্য খেলি। তাই জিততে না পরায় আমি হতাশ। তবে ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’পরশু বিশ্বজুড়ে প্রীতি ম্যাচের যে মেলা বসেছিল তাতে ফ্রান্স ছাড়া বড় দলগুলোর মধ্যে আর কাউকে পরাজয়ের লজ্জা পেতে হয়নি। শেষ ১৬ মিনিটে দুই গোল করে ডেনমার্ক জিততে দেয়নি গোমেজ ও হেলমসের গোলে ৭২ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা জার্মানিকে। ডেনমার্কের দুই গোলদাতা রমেডাল ও জাঙ্কার। জয় পেয়েছে ইংল্যান্ড, ক্যামেরুন আর সুইডেন। ঘানাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।স্টিভেন জেরার্ডের জোড়া গোলের কল্যাণে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। ক্যামেরুনকে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতাতে জোড়া গোল করেছেন স্যামুয়েল ইতো। অন্য গোলটি আবু বকরের। আর স্কটল্যান্ডের বিপক্ষে সুইডেনকে জেতাতে অবদান রেখেছেন আবার আন্তর্জাতিক ফুটবলে ফেরা বার্সেলোনা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ৩-০ গোলে জিতেছে সুইডেন, গোল তিনটি করেছেন ইব্রাহিমোভিচ, বাজরামি ও টয়ভোনেন। এএফপি।