ড্র করেই চ্যাম্পিয়ন রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদ মাসুদ খুব ব্যস্ত। সতীর্থ, কোচ আর কর্মকর্তাদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন রাজশাহী অধিনায়ক। মনের মধ্যে তাঁর জাতীয় লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। ‘একটু পরে কথা বলি’—সদালাপী মাসুদের তখন কথা বলার ফুরসত নেই।পরে কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জানালেন তাঁর দলের সাফল্যের রহস্যের কথা। উন্মোচন করলেন সেই মন্ত্র, যা জপে গত ৭ বারের জাতীয় লিগে ৩ বার করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরবে ভেসেছে রাজশাহী।‘টিম স্পিরিট এবং রাজশাহীর জন্য ভালোবাসা’—এক কথায় দলের সাফল্যের রহস্য উন্মোচন করলেন মাসুদ। রাজশাহীতে জন্ম, জন্মভূমির প্রতি ভালোবাসা তো থাকবেই। আর টিমি স্পিরিট? সবকিছু জয় করার এমন টিম স্পিরিটের উত্স কোথায়? ‘দেখুন, খেলাটা যেন একঘেয়ে না হয়ে যায় আমরা সব সময় সেই চেষ্টা করি। দলে অনেক জুনিয়র ক্রিকেটার আছে। ওদের কথা ভেবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করি। এবারও তো চট্টগ্রামে খেলতে গিয়ে সেখান থেকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে পিকনিক করতে গিয়েছিলাম। এতে দল ঘনিষ্ঠ হয়, টিম স্পিরিট বাড়ে আর একঘেয়েমিটাও থাকে না।’এ তো মানসিকভাবে চাঙা থাকার কথা। ক্রিকেট তো আর শুধু মানসিক শক্তি দিয়ে হয় না। এর জন্য পর্যাপ্ত অনুশীলন থাকা চাই। চাই টেকনিক। সেটার কীভাবে নিশ্চিত হয়? এই ব্যাপারটা নিশ্চিত করা যেহেতু কোচের কাজ, এর উত্তরটাও দিলেন রাজশাহী কোচ শাহনেওয়াজ শহীদ (শানু), ‘আমাদের খেলোয়াড়দের বেসিক এবং টেকনিক খুব ভালো। আসলে নিয়মিত অনুশীলন এবং খেলাটার প্রতি ভালোবাসাই ওদের এ জায়গায় নিয়ে গেছে।’রাজশাহী অধিনায়ক এবং কোচ যখন টিম স্পিরিটের কথা বলছেন, আরেক দিকে তাঁদের নিয়ে চলছিল সমালোচনা। ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’—ফাইনালে যাদের সঙ্গে ড্র করে শিরোপা জিতেছে রাজশাহী, সেই চট্টগ্রামের অধিনায়ক নাজিমউদ্দিন ফাইনালে রাজশাহীর খেলার সমালোচনা করলেন দুই শব্দে।ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে যে কেউই হয়তো ফাইনালে রাজশাহীর মনোভাবকে নেতিবাচক বলবে। প্রথম ইনিংসে ৩৭২ রান তুলতে ১৬৯ ওভার খেলেছে তারা। আর পরশু থেকে শুরু করা দ্বিতীয় ইনিংসটা ঘোষণা করেছে তারা কাল শেষ দিনের খেলা শেষের ঘণ্টাখানেক আগে, ৫ উইকেটে ৪১৩ রান তুলে। চট্টগ্রামের সামনে তখন অলঙ্ঘনীয় ৪৮৫ রানের টার্গেট। চট্টগ্রাম আর ব্যাট করতে নামেনি। ড্র মেনে নিয়ে মাঠ ছেড়েছে। নেমে লাভ কী হতো! ১ ঘণ্টায় ৪৮৫ রান জুয়েল আইচের জাদু দিয়েও তোলা সম্ভব নয়।এমন করলেন কেন? রাজশাহী অধিনায়কের দুটি যুক্তি। ‘ম্যাচের প্রথম দিনে আমরা জানলাম, বোনাস পয়েন্ট নেই। এই ম্যাচে ড্র হলে বেশি পয়েন্ট নিয়ে যারা ফাইনালে এসেছে তারাই চ্যাম্পিয়ন হবে। আর তৃতীয় দিনে গিয়ে শুনি নিয়মটা তা নয়। বোনাস পয়েন্টেই নিষ্পত্তি হবে শিরোপার। ভাবুন তো প্রথম ইনিংসে যদি লিড না পেতাম! তারপর ওদের ব্যাটিংয়ে নামিয়ে তো আরেকটা ঝুঁকি নিতে পারি না!’ দ্বিতীয়ত, ‘জহুরুল আর ওদের ফয়সালের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ নিয়ে একটা লড়াই ছিল। আমরা চেয়েছি এটা জহুরুলেরই থাক।’মাসুদের এই চাওয়াটাও পূরণ হয়েছে। ১১৭ রান করে আম্পায়ার এনামুল হকের ভুল সিদ্ধান্তে প্রতিদ্বন্দ্বী ফয়সালের বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন জহুরুল। তবে চট্টগ্রাম আর ব্যাট করতে না নামায় তিনিই হয়েছেন এবারের জাতীয় লিগের সর্বোচ্চ রানের (৯৬৫) মালিক।