ড্র করেও আশা ছাড়ছে না বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি অ্যাওয়ে ম্যাচ। আরও একবার পয়েন্ট খোয়ানোর হতাশাবিদ্ধ বার্সেলোনা। আরও একবার টিভি ক্যামেরায় ভেসে উঠল লিওনেল মেসির বিষণ্ন চেহারা। এ মৌসুমে ন্যু ক্যাম্পের বাইরে এটাই যেন বার্সেলোনার প্রতীকী ছবি। ঘরের মাঠে ৯ ম্যাচে আটটি জয়, একটি ড্র। অথচ প্রতিপক্ষের মাঠে আগের ৮টি ম্যাচে জয় মাত্র তিনটিতে। সঙ্গে একমাত্র পরাজয়ের পাশে তিনটি ড্র। পরশু রাতেও এসপানিওলের মাঠে বার্সেলোনা এ মৌসুমে ব্যর্থতার ছবিটাই আঁকল। নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের মাঠ থেকে পেপ গার্দিওলার দল ফিরেছে ১-১ ড্র করে। এই ড্রয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়ল বার্সা। ১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৩, বার্সেলোনার ৩৮। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের লড়াইটা কঠিন হয়ে গেল অনেক। তবে গার্দিওলা এটি মানতে রাজি নন। বার্সেলোনা কোচ বরং বলছেন, ‘লিগের এখনো অনেকটা পথ বাকি। এখনো জেতা বা হারের জন্য অনেক পয়েন্টই পড়ে আছে।’প্রতিপক্ষের মাঠে মেসিও বার্সার হতাশার প্রতীক। আগের সাতটি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন মাত্র একটি, পরশুর ম্যাচেও মাথাটা নিচুই থাকল টানা তৃতীয়বারের মতো ফিফা-ব্যালন ডি’অর জেতার পথে থাকা আর্জেন্টাইন খুদে জাদুকরের।বার্সেলোনার জাদুকরি ফুটবল এ ম্যাচে পাওয়া যায়নি। বিশেষ করে প্রথমার্ধে মেসি-জাভিদের খেলা ছিল বেশ এলোমেলো। এরপরও অবশ্য হেডে গোল করে ১৬ মিনিটে বার্সেলোনাকেই প্রথমে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস। লিগে এটি ফ্যাব্রিগাসের নবম গোল, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে যেটি বার্সেলোনার ১০০তম গোল। ফ্যাব্রিগাস উপহূত অগ্রগামিতা বার্সা ধরে রাখে ৮৬ মিনিট পর্যন্ত। আর ৪টি মাত্র মিনিট কাটিয়ে দিতে পারলেই হতো। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮৬ মিনিটে দুরূহ কোণ থেকে আলভেরো ভাজকুয়েজের ডাইভিং হেডে সমতা ফিরিয়ে এসপানিওল ভাসে পয়েন্ট কেড়ে নেওয়ার আনন্দে।তবে কোচের সঙ্গে সুর মিলিয়ে গোলদাতা ফ্যাব্রিগাসও বলছেন, শিরোপা লড়াই তাদের শেষ হয়ে যায়নি, ‘আজ (কাল) রাতের ম্যাচটা ছিল কঠিন। আমরা দুই পয়েন্ট হারিয়েছি। কিন্তু লড়াইটা আমাদের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। সময় এখন বিশ্রামের।’ভাগ্যও অবশ্য বার্সেলোনাকে সঙ্গ দেয়নি এদিন। তাদের দু-দুটি শট প্রতিহত হয়েছে পোস্টে। খেলা শেষের ১২ মিনিট আগে মেসির শট, অতিরিক্ত সময়ে হতভাগা ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সেলোনা পেতে পারত একটা পেনাল্টিও। গোলমুখের জটলায় বল এসপানিওল ডিফেন্ডার রাউল রদ্রিগেজের হাতে লেগেছিল বলেই মনে করে বার্সেলোনা। তবে রেফারির দিকে অভিযোগের আঙুল তুলতে রাজি নন গার্দিওলা, ‘ফুটবলে এ রকম কিছু বিষয় আপনাকে জয় করেই এগিয়ে যেতে হবে। নিজের ক্ষমতার মধ্যে যা আছে সেটিই শুধু আপনি বদলাতে পারেন।’দিনের অন্য ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অবনমন এলাকায় পড়ে যাওয়া ভিয়ারিয়াল। সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে রায়ো ভায়োকানো। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গেটাফে। এএফপি।