গত ডিসেম্বরে দিল্লিতে সাফ ফুটবলের গ্রুপ পর্যায়ে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই নেপালের সঙ্গেই যখন প্রীতি ম্যাচ খেলার সুযোগ এল তখন বাংলাদেশের ফুটবলারদের মধ্যে একটা প্রতিশোধস্পৃহা জেগে ওঠার কথা। যতই ম্যাচটি প্রীতির আবরণে ঢাকা থাক না কেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না এমিলি-মিঠুনরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কাল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল বাংলাদেশ। নেপালে কয়েক দিনের টানা বৃষ্টি মাঠকে খুব একটা খেলার উপযোগী রাখেনি। তবে ভারী মাঠেও দল দারুণ খেলেছে বলে দাবি করলেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। কিছুদিন আগে নেহরু কাপে খেলে এসেছে নেপাল। ফর্মে থাকা নেপালকে নিয়ে দুশ্চিন্তা একটু থাকলেও কয়েক মিনিট পরই তা কেটে যায়। বাংলাদেশের প্রথম সুযোগ আসে ৩৯ মিনিটে। প্রাণতোষের দুর্দান্ত শট এক হাত দিয়ে ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক কিরণ ছেমজং। তবে ৩ মিনিট পরই ফ্রি-কিক থেকে বাংলাদেশকে এগিয়ে নেন উইঙ্গার জাহিদ হোসেন (১-০)। প্রথমার্ধে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে। ৪৮ মিনিটে আবারও জাহিদের শট গোললাইন সেভ করেন রবিন শ্রেষ্ঠ। কিন্তু ধারার বিপরীতে গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। ৬১ মিনিটে বিরাট মহাজনের ক্রস গোলরক্ষক মাকসুদুরের হাত ফসকে বেরিয়ে এলে সামনে দাঁড়ানো ভোলা শিলওয়াল গোল করতে ভুল করেননি (১-১)। বাকি সময়টুকুতে আধিপত্য দেখিয়েও গোল বের করতে পারেনি বাংলাদেশ।নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু গত মঙ্গলবার বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি হয়নি। দ্বিতীয় বা একমাত্র ম্যাচটি খেলেই নেপাল থেকে ফিরছে বাংলাদেশ। দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) একমাত্র ম্যাচটি ড্র হওয়াতেও বেশ খুশি। ‘আমাদের ছেলেরা জেতার জন্য শত ভাগ দিয়ে খেলেছে। গোলও করেছিল, কিন্তু দুঃখের বিষয়, গোলটা ধরে রাখতে পারেনি। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা খুশি।’ নেপাল থেকে টেলিফোনে জানালেন সত্যজিৎ দাস। গোলদাতা জাহিদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘আমি ঢাকা থেকে বলে গিয়েছিলাম, গোল করব। কথা রেখেছি। তবে খারাপ লেগেছে গোলটা শোধ হয়ে যাওয়ায়। মাঠের অবস্থা অনেক খারাপ ছিল। বৃষ্টি-কাদায় মাঠ ভারী হয়ে গিয়েছিল। শুকনো মাঠ হলে আমরা জিততেও পারতাম।’ বাংলাদেশ: মাকসুদুর, ওয়ালী ফয়সাল, প্রাণতোষ, মামুনুল, জাহিদ (শাহেদ), নাসির, মামুন মিয়া, শাকিল (কোমল), আতিকুর, লিঙ্কন ও এমিলি (মিঠুন)।