ড্র করেও মূল পর্বে ইংল্যান্ড
মন্টেনেগ্রোর সঙ্গে ড্র। লাল কার্ড দেখেছেন ওয়েইন রুনি। তবু ইংল্যান্ড দলে স্বস্তি। বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে পোল্যান্ড-ইউক্রেনের টিকিট তো পাওয়া গেল! তবে জিতেও অপেক্ষা শেষ হয়নি ইউরোপের আর দুই ‘দৈত্যে’র—পরাশক্তি ফ্রান্স ও পর্তুগালের। মূল পর্বের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দুই দলকেই। আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করতে ইংল্যান্ডের একটি পয়েন্ট হলেই চলত। এই হিসাব নিয়ে মন্টেনেগ্রোর মাঠে খেলতে নেমে ৩১ মিনিটের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ফ্যাবিও ক্যাপেলোর দল। ১১ মিনিটে অ্যাশলি ইয়াং এবং ২০ মিনিট পর ড্যারেন বেন্ট গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ২-০-তে।তবে নিজেদের মাঠে মন্টেনেগ্রো ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ফেরার রাস্তা অবশ্য তৈরি হয় প্রথমার্ধের অন্তিম মুহূর্তেই। ৪৫ মিনিটে ভেরোটিচ ব্যবধান কমান, ম্যাচের অন্তিম মুহূর্তে দারুণ এক গোল করে মন্টেনেগ্রোকে সমতায় ফেরান ডেলিবাসিচ। এর আগে ৭৩ মিনিটে মন্টেনেগ্রোর মিওড্রাগকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন রুনি।লাল কার্ড-টার্ড নয়, ফ্রান্সের ছিল অন্য সমস্যা। চোট-জর্জর এই দলটি আলবেনিয়াকে হারিয়েও স্বস্তিতে নেই। চোট-জর্জর ফ্রান্সের চোটগ্রস্ত খেলোয়াড়ের তালিকটা আরেকটু লম্বা হলো। বেনজেমা, রিবেরি, আবিদালদের সঙ্গে তালিকায় যোগ হয়েছে ডিফেন্ডার প্যাট্রিস এভরার নামও। এভরার চোট বাদ দিলে কোচ লরাঁ ব্লাঁর জন্য রাতটি ভালোই গেছে। তাঁর অনভিজ্ঞ আক্রমণভাগ আলবেনিয়ার রক্ষণকে এলোমেলো করে দিয়েছে। মালুদা, রেমি ও রেভিলিয়ারের গোলে দল জিতেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ শেষে ব্লাঁ বলেছেন, ‘আমি দলের খেলায় সন্তুষ্ট।’ মঙ্গলবার শেষ ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১টি পয়েন্ট পেলেই তিনি পাবেন মূল পর্বে ওঠার স্বস্তিও। পর্তুগালেরও তাই। আগামী পরশু ডেনমার্কের কাছে না হারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। রোনালদো নন, পর্তুগালের হিসাবটা সহজ করে দিয়েছেন নানি। আইসল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার। ৫-৩ গোলের জয়ে দুটি গোলই করেছেন তিনি।৮ মিনিটের মধ্যে (১৩ ও ২১) দুই গোল করে পর্তুগালকে ২-০-তে এগিয়ে দিয়েছিলেন নানি। পস্তিগা ব্যবধান করেন ৩-০। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইসল্যান্ড। ২০ মিনিটের মধ্যে (৪৮ ও ৬৮) দুই গোল করে ব্যবধানও কমায় তারা। কিন্তু ৮১ ও ৮৭ মিনিটে তুনিহো ও এলিসুর গোল আইসল্যান্ডের অঘটন ঘটানোর আশা শেষ করে দেয়। অন্তিম মুহূর্তে অবশ্য ব্যবধান কমিয়ে ৫-৩ করে তারা।জয়-টয় নিয়ে আর ভাবনা ছিল না জার্মানি, স্পেন, হল্যান্ড ও ইতালির। আগেই মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে এই চার দলের। তবে পরশু জার্মানি, স্পেন ও হল্যান্ড জয় পেয়েছে। আর ইতালি ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার সঙ্গে। এএফপি, ওয়েবসাইট।এক নজরে পর্তুগাল ৫ : ৩ আইসল্যান্ড চেক প্রজাতন্ত্র ০ : ২ স্পেন মন্টেনেগ্রো ২ : ২ ইংল্যান্ড সার্বিয়া ১ : ১ ইতালি ফ্রান্স ৩ : ০ আলবেনিয়া ফিনল্যান্ড ১ : ২ সুইডেন হল্যান্ড ১ : ০ মলদোভা তুরস্ক ১ : ৩ জার্মানি সাইপ্রাস ১ : ৪ ডেনমার্ক স্লোভাকিয়া ০ : ১ রাশিয়া রোমানিয়া ২ : ২ বেলারুশ গ্রিস ২ : ০ ক্রোয়েশিয়া ওয়েলস ২ : ০ সুইজারল্যান্ড