ড্র করেও মোহামেডানের জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী-মোহামেডান ড্র ম্যাচ শেষে এক দল জয়ের আনন্দ করছে! এই দৃশ্য অতীতে ছিল না। কিন্তু অতীত তো অতীতই। বর্তমান বলছে আবাহনীর সঙ্গে ড্র করতে পারা এই মোহামেডানের কাছে এখন জয়েরই সমান। ঠিক এই দৃশ্যটাই কাল মঞ্চস্থ হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে।খেলার ধারা অনুযায়ী অবশ্য মোহামেডানেরই জেতার কথা। কিন্তু জিতল না সুযোগ অপচয়ের মূল্য দিয়ে। খেলার চার মিনিট গড়ানোর পরই টানা চারটি কর্নার তুলে প্রাধান্য বিস্তারের ইঙ্গিতটা দিয়ে রেখেছিল সাদা-কালোরা। সেটির শেষ ড্র দিয়ে হলেও মোহামেডান শিবিরে আনন্দ ঠিকই ছড়াল। রাজ্য হারিয়ে সাধারণ প্রজায় পরিণত মোহামেডান একদা প্রতিদ্বন্দ্বী রাজা আবাহনীকে সামনে পেলে এখনো দুরন্ত। আবাহনী এবার কাগজে-কলমে যতই এক নম্বর দল হোক, তাতে কী! আবাহনী-মোহামেডান লড়াইয়ে মহিমাটা এখানেই।আবাহনীর জন্য ১-১ ড্রটা হতাশারই। অবশ্য লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ী আকাশি-নীলদের তৃতীয় ম্যাচটায় ১ পয়েন্ট পাওয়াটাও স্বস্তির। গোটা প্রথমার্ধটা চড়াও হয়ে খেলেও মোহামেডান ছিল গোলবিহীন। বাধার দেয়াল তুলে দাঁড়ান আবাহনীর তরুণ গোলরক্ষক সোহেল। উল্টো ৪১ মিনিটে নাসিরের ক্রস থেকে ইব্রাহিমের সাজিয়ে দেওয়া বলে টোকা মেরে আবাহনীকে উল্লাসে ভাসালেন পল। আবাহনীর গ্যালারিতে ছিল হাজার চারেক সমর্থক। অন্য দিনের চেয়ে তুলনামূলক বেশি। মোহামেডান গ্যালারিতে হাজার দুয়েক। দুই প্রধানের ম্যাচের সঙ্গে ঠিক যায় না। তবে এঁরাই চিৎকার-কোলাহল করে গ্যালারি একটু মাতিয়ে রাখল। সময়ের চোরাস্রোতে এটিই এখন দুর্লভ ছবি! মাঠের ক্যানভাসে অবশ্য সংগঠিত এক মোহামেডানকেই পাওয়া গেছে। ফেডারেশন কাপে দুই ম্যাচে হারের পর কোচ এমেকার চাকরি যায় যায় অবস্থা ছিল। কিন্তু এখন টিকে গিয়ে যেন আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন এই নাইজেরিয়ান। ব্রাদার্সের সঙ্গে জয় দিয়ে লিগ শুরু করা সাদা-কালোরা দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে দেখা দিয়েছে আক্রমণাত্মক রূপে।তাই গোলটা শোধ হতে বেশি সময় লাগেনি। ৬০ মিনিটে তাদের সমতাসূচক গোলটি তৈরি হয়েছে মাথায়-মাথায়। ওয়াহেদের হেড, আবাহনী ডিফেন্ডার সামাদের মাথা ছুঁয়ে উইলকক্সের মাথায় পড়লে তিনি হেড করেই পাঠান জালে। আবাহনীরই আগে গোল পেতে পারত মোহামেডান। শুরুর দিকেই ওয়ালি ফয়সাল উইলকক্সকে বক্সে ফেলে দিলেও রেফারি আবদুল হান্নান পেনাল্টি দেননি!মোহামেডানের কোচ তাই ক্ষুব্ধ ম্যাচ শেষে, ‘দলের পারফরম্যান্সে আমি খুব খুশি। তবে রেফারি আমাদের পেনাল্টি-বঞ্চিত করেছেন।’ আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমিরও ক্ষোভ রেফারিং নিয়ে। কিন্তু দলের পারফরম্যান্সে খুশি নন সমর্থকেরা। আবাহনী আগের ম্যাচগুলোয় যেমন খেলেছে, কাল সেভাবে খেলতে পারেনি। উইঙ্গার জাহিদ ছিলেন নিষ্প্রভ। মাঝমাঠটা ঠিক অন্য দিনের মতো কার্যকর ছিল না। তার পরও তারা ব্যবধান বাড়ানোর সুযোগ দ্বিতীয়ার্ধে কয়েকটি পেয়েছে, কিন্তু ফ্রাঙ্ক-ইব্রাহিমরা গোল করতে পারেননি। লড়াইটা হলো আসলে দুই দলের চারজন করে আট আফ্রিকানের। মোহামেডানের বড় শরীরের আফ্রিকানরা বল দখলের লড়াইয়ে জিতেছেন বেশির ভাগ সময়ই। শরীর নির্ভর এই ফুটবলে কার্ড ব্যবহারে রেফারি ছিলেন একটু কৃপণ। ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর কাউকে দেখা যায়নি। না আবাহনীতে, না মোহামেডানে। আবাহনী: সোহেল, নাসির, ওয়ালি, সামাদ, সুজন, আরমান আজিজ (মামুন মিয়া), জাহিদ (তৌহিদ), প্রাণতোষ, ফ্রাঙ্ক, পল, ইব্রাহিম।মোহামেডান: হিমেল, রজনী, মতিউর মুন্না, মোরসালিন (হাসান আল মামুন), ওয়াহেদ (রনি), ইয়াসিন, সোহেল রানা (মোবারক), ডমিনিক, ওচেন্দো, উইলকক্স, জোসেপ।