ড্র করেও শীর্ষে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে পর্তুগিজ উইঙ্গারের গোলে সমতা ফেরায় রিয়াল। ফলাফল, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ ড্র। রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন করিম বেনজেমা, অ্যাটলেটিকোর গোল দুটি গ্যাবি ও কোকের। সুবাদে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখাটা অবশ্য নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। গতকাল রাতে আলমেরিয়ার বিপক্ষে জয় পেয়ে থাকলে দ্বিতীয় স্থানটা হবে বার্সেলোনার।

ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু আর্সেনাল ০-১ গোলে হেরে গেছে স্টোকের কাছে। মৌসুমের এমন সময়ে ড্র করাই একটা হোঁচট। সেখানে হার তো বিশাল একটা আঘাতই। ওয়েঙ্গার এটি অকপটেই স্বীকার করে নিলেন, ‘এটা সামান্য কিছু নয়, আমাদের জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ। যেভাবে চেয়েছিলাম, সেভাবে আমরা খেলতে পারিনি। শিরোপা জিততে চাইলে এ রকম খেললে চলবে না।’ তবে হারটাকেও মেনে নিতে পারছেন না আর্সেনাল কোচ। লরেন্ত কসিয়েলনির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি থেকে দল গোলটা খেয়েছে, সেটাকে ‘অন্যায্য’ বলছেন, ‘রেফারি বেশ ভালো একটা উপহার দিয়েছে ওদের। ও (কসিয়েলনি) এক গজ দূরেও ছিল না। এর মধ্যে সে হাত সরিয়ে ফেলবে কীভাবে? এটা মোটেই ইচ্ছাকৃত ছিল না।’

আর্সেনালের হোঁচটের ফায়দাটা নিয়েছে লিভারপুল। সাউদাম্পটনের সঙ্গে পরশু ৩-০ গোলে জিতে লিভারপুল উঠে এসেছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে। গোল পেয়েছেন সুয়ারেজ, স্টার্লিং ও জেরার্ড।  তবে ইংলিশ প্রিমিয়ার লিগে পরশুর রাতটা ছিল আসলে আন্দ্রে শুর্লের। জার্মান উইঙ্গারের ১৭ মিনিটের এক হ্যাটট্রিকে ৩-১ গোলে ফুলহামকে হারিয়ে শীর্ষেই আছে চেলসি। এএফপি।