ড্র ছাপিয়ে গোললাইন বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যবান দুটি পয়েন্ট খোয়াল এসি মিলান। লিগে টানা চার ম্যাচ জয়ের পর পরশু কাতানিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তবে ড্র ছাপিয়ে বড় হয়ে উঠেছে এ ম্যাচের গোলবিতর্ক। ৭১ মিনিটে রবিনহোর গোলটি হলেই কাতানিয়ার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরতে পারে মিলান। ড্রয়ের হতাশার সঙ্গে মিলান শিবির ‘না হওয়া’ এই গোলটি নিয়ে তাই ভীষণই ক্ষুব্ধ।জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে ৩৪ মিনিটে মিলানকে এগিয়ে দিয়েছিলেন রবিনহো। ৫৭ মিনিটে সিসিলিয়ানদের সমতায় ফেরান কাতানিয়ার প্রথম একাদশের সাত আর্জেন্টাইনের একজন নিকোলাস স্পোল্লি। এরপর ৭১ মিনিটে সেই গোলবিতর্ক। রবিনহোর শটে কাতানিয়ার গোলরক্ষক হুয়ান পাবলো ক্যারিজো পরাস্ত হন, গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার জিওভান্নি মারচেসে। টেলিভিশন রিপ্লেতেও বোঝা অসম্ভব ছিল বল আসলেই গোললাইন অতিক্রম করেছিল কিনা। মিলানের খেলোয়াড়েরাও তখন প্রতিবাদ করেননি।কিন্তু যে অ্যালেগ্রি সাধারণত বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন, তিনিই দাবি করেছেন, ‘রবিনহোর গোলটা ছিল বৈধ।’ টেলিভিশন সাক্ষাৎকারে পরে যে মিলান কোচকে কথা বলতে শোনা গেছে, তাঁর ধৈর্যের বাঁধ যেন সত্যিই ভেঙে গেছে, ‘এ বছর আমরা এমন চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হলাম, যেখানে সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে।’ অ্যালেগ্রি বলতে পারতেন জুভেন্টাসের সঙ্গে ১-১ ড্র হওয়া অতিগুরুত্বপূর্ণ ম্যাচটির কথাও, যেটিতে ১-০ গোলে এগিয়ে থাকা মিলান সুলে মুনতারির গোলে ব্যবধান ২-০ করে ফেলতে পারত। কিন্তু মুনতারির হেডে বল গোললাইন অতিক্রম করলেও সেটি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। পরশু ধাক্কা খেয়েছে তৃতীয় স্থানের দল লাৎসিওও। ১৩ নম্বরের দল পার্মার মাঠ থেকে ৩-১ গোলে হেরে ফিরেছে তারা। এদিকে কাল সান সিরোর দর্শক উপভোগ করেছে গোল-বিনোদনের দুর্দান্ত এক ম্যাচ। দুই দল গোল করেছে ৯টি! চার পেনাল্টির সঙ্গে ম্যাচে রেফারি দুই বার বের করেছেন লালকার্ড। তারপরও সান সিরোর দর্শকেরা খুশি মনে বাড়ি ফিরেছে, কারণ লালকার্ড সমতার ম্যাচে ডিয়েগো মিলিতোর গোলে জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলান জিতেছে ৫-৪ গোলে। ইন্টারে অন্তর্বর্তী কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনির শুরুটা হলো বিস্ময়কর জয় দিয়ে। সাত গোলের আরেক ম্যাচে রোমা ৫-২ গোলে হারিয়েছে নোভোরাকে। রয়টার্স।