ড্র দিয়ে শুরু করল ফ্রান্স-উরুগুয়েও
এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম দিন শেষ হলো ড্র দিয়েই। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর ফ্রান্স-উরুগুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচও শেষ হলো গোলশূন্য ড্র দিয়ে।খেলার আট মিনিটের মাথায় প্রথম সুযোগ আসে ফ্রান্সের। ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন সিডনি গোভু। কিন্তু জালে বল জড়াতে পারেননি তিনি। ১৮ মিনিটের মাথায় আরও একটি সুযোগ আসে ফ্রান্সের। ইয়োন জুরকাফের নেওয়া ফ্রি কিক চমত্কারভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ফার্নান্দো মাসলেরা। ১৭ মিনিটে উরুগুয়ের জন্য প্রথম সুযোগটি তৈরি করেন তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলান । বক্সের কোনা থেকে নেওয়া তাঁর জোরালো শট প্রতিহত করেন ফরাসি গোলরক্ষক হুগো লোরিস।দ্বিতীয়ার্ধে বারবার প্রতিপক্ষের ওপর চড়াও হলেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ৭৪ মিনিটের মাথায় একটি ভালো সুযোগ আসে উরুগুয়ের জন্য। লুইস সুয়ারেজের বাড়ানো পাসে ডি বক্সের সামনে বল পান ফোরলান। কিন্তু তাঁর শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। গোলের আশায় ৭২ মিনিটে কোচ রেমন্ড ডমেনেখ নিকোলাস এনেলকাকে তুলে নিয়ে মাঠে নামান থিয়েরি অঁরিকে। কিন্তু অঁরিও গোলের মুখ দেখাতে পারেননি ফ্রান্সকে। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে উরুগুয়ের পেনাল্টি বক্সের ভেতরে ভিক্টোরিনোর হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেন অঁরি। কিন্তু রেফারি তাতে কান দেননি। এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন নিকোলাস লোডেইরো। ৮১ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।