ড্র দিয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন বাঙালি ছাত্র। ভিআইপি বক্সে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা। তবু ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের বেশির ভাগই খাঁ খাঁ করছিল। তা হোক, সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে আসা জনা পঞ্চাশেক দর্শককে অবশ্য খুব বেশি হতাশ করেনি বাংলাদেশ। জয়ের প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাওয়া বাংলাদেশ দল প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাকিস্তানের সঙ্গে।কোচ নিকোলা ইলিয়েভস্কির আস্থা নতুনে—তাই তো প্রথম ম্যাচেই ‘তারুণ্যে’ বাজি ধরলেন। এর আগের সব সাফ ফুটবলে অংশ নেওয়া অভিজ্ঞ বিপ্লব ভট্টাচার্যকে বসিয়ে রেখে আন্তর্জাতিক অভিষেক ঘটিয়ে দিলেন তরুণ গোলরক্ষক সোহেলের। তা সোহেল কোচের আস্থার প্রতিদান ভালোই দিয়েছেন। এই ম্যাচ দিয়েই অভিষেক হলো মিডফিল্ডার শাহেদ, স্ট্রাইকার অনিকের। এর আগে ঢাকায় কোচ বলেছিলেন, এমিলি-মিঠুনকে একসঙ্গে নয়, পুরোনো স্ট্রাইকারের সঙ্গে খেলাবেন নতুন কাউকে। এমিলির সঙ্গে অনিককে খেলিয়ে সেটার একটা পরীক্ষাও নিয়ে নিলেন। কিন্তু দুজনের জুটি খুব বেশি জমল না। এমিলিকে দেখাল নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধে অবশ্য দুজনকেই উঠিয়ে নিলেন ইলিয়েভস্কি। এমিলির বদলে মিশু, অনিকের জায়গায় এলেন মিঠুন। কিন্তু তাতেও ম্যাচের ভাগ্য বদলাল না।ভাগ্যদেবী কাল বোধ হয় প্রসন্নই ছিলেন না কোনো দলের দিকে। না হলে কি এভাবে সহজ সুযোগগুলো হাতছাড়া হয় দুই দলেরই? ম্যাচের ২ মিনিটেই পাকিস্তানের মিডফিল্ডার আদনানের শট সোহেলের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। এরপর ২৪ মিনিটে গোলমুখ খুলতে গিয়েও পারেনি পাকিস্তান। জাদিদের ক্রস থেকে বল বাইরে পাঠালেন ফয়সাল।ম্যাচের ৪০ মিনিটে মোক্ষম একটা সুযোগ এসেছিল বাংলাদেশের। মাঝ মাঠ থেকে প্রাণতোষের শট পাকিস্তান গোলরক্ষক জাফর খানের হাত ফসকে বেরিয়ে যায়। সামনে দাঁড়ানো কোমল পা ছোঁয়াতেই পারলেন না। তবে সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করেছেন এমিলি। ৪৫ মিনিটে শাহেদের কর্নার থেকে আরিফের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ‘ডি বক্সের’ ভেতরের জটলায় দাঁড়ানো এমিলি তিন দফা চেষ্টা করেও জালে ঢোকাতে পারেননি বল। গোল হতে পারত ৭৫ মিনিটে। মিশুর বাড়িয়ে দেওয়া বলে মিঠুনের বাঁ পায়ের শট। কিন্তু সেটাও বাঁচিয়ে দিয়েছেন ম্যাচ-সেরা জাফর। পুরো ম্যাচে বাংলাদেশের চেয়ে গোলের চেষ্টা বেশি ছিল পাকিস্তানের। কিন্তু ফিনিশিংয়ের অভাবেই গোল পায়নি। সেই সঙ্গে একাধিক গোল মিসের মহড়া ছিল স্ট্রাইকার জাদিদের।ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু সেই পরিকল্পনায় কাজ হয়নি। দ্বিতীয়ার্ধে ইলিয়েভস্কি খেলালেন অলআউট ফুটবল। ডিফেন্ডার সুজন আর আরিফের রক্ষণ দেয়াল গলে তাই প্রতি-আক্রমণে মাঝেমধ্যেই ভয়ংকর হয়ে উঠছিলেন জাদিদ।বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের চেয়ে কাল তুলনামূলক খারাপ খেললেও এখনো কোচ আশাবাদী। জিতলে সেমিফাইনালে ওঠার পথটা যে অনেক সহজ হয়ে যেত। আগামীকাল নেপালের বিপক্ষে কি জয়টা ধরা দেবে?বাংলাদেশ: সোহেল (গোলরক্ষক), সুজন, আরিফ, রেজাউল, নাসির, প্রাণতোষ, মামুনুল, কোমল, শাহেদ (ইমন), অনিক (মিঠুন), এমিলি (মিশু)।