ড্র দিয়ে শুরু বিশ্বকাপ
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা কেউই হারেনি। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ৯৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এ খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় দক্ষিণ আফ্রিকান দর্শকদের হতাশই করেছে স্বাগতিক দল। একের পর এক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পুরো তিন পয়েন্ট তুলে নেওয়ার সুযোগটি হেলায় হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার পক্ষে শিফু সাবালালা খেলার ৫৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। মেক্সিকোর তারকা ফুটবলার রাফায়েল মারকুয়েজ খেলার ৭৭ মিনিটে সমতা ফিরিয়ে নিয়ে আসেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে দক্ষিণ আফ্রিকার কাটলেগো এমফেলার সর্বশেষ প্রচেষ্টা সাইডবারে লেগে ফিরে এলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাফানা বাফানাদের।দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস আলবার্তো পাহেইরা মাঠে নামার আগে খেলোয়াড়দের নিজ মাঠে দর্শকদের সামনে খেলাকে চাপ হিসেবে না নিয়ে ব্যাপারটি উপভোগ করতে বলেছিলেন। ম্যাচের শুরুর দিকে মনে হচ্ছিল সকার সিটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের দেখে পরিবেশ-পরিস্থিতির চাপে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরা একটু হকচকিত। এর প্রভাব পড়ছিল তাঁদের খেলায়। প্রথম থেকেই বলের দখলে এগিয়ে ছিল মেক্সিকো। খেলা শুরুর দুই মিনিটের মাথায় গোলের একটি চমত্কার সুযোগ পেয়েছিল মেক্সিকো। একটি পরিকল্পিত আক্রমণ থেকে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনের হাত ফসকে একটি ক্রসের বল বেরিয়ে এলে তা মেক্সিকোর জিওভানি দোস সান্তোসের সামনে পড়ে। সান্তোসের শট কোনো মতে পা লাগিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যারন মোকোয়েনা। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করার পর ম্যাচের দখল পুরোপুরি নিয়ে নেয় মেক্সিকো। খেলার ৩২ মিনিটের সময় কার্লোস ভেলার পাস থেকে গুইলারমো ফ্রাঙ্কো আরও একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেন। গুইলারমো ফ্রাঙ্কোর পায়ের কাছে এসে দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক বাধার সৃষ্টি করলে গোলে ঠিকমতো শট নিতে পারেননি ফ্রাঙ্কো।খেলার ৩৭ মিনিটের সময় মেক্সিকোর একটি গোল অফসাইডের অজুহাতে নাকচ করে দেন রেফারি, তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, কার্লোস ভেলার সামনে একজন দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার দাঁড়িয়ে ছিলেন।খেলার ৪০ মিনিটে ভাগ্যবিধাতা আরও একবার মুখ ফিরিয়ে নেয় মেক্সিকোর দিক থেকে। জিওভানির ফ্রি কিক থেকে ফ্রাঙ্কোর হেড পোস্ট উঁচিয়ে চলে যায়।খেলার ৫৪ মিনিটের সময় চমত্কার একটি গোল করে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মধ্যমাঠ থেকে বাড়ানো একটি লং থ্রু ধরে শিফু সাবালালা বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের চমত্কার শটে গোল করেন। মেক্সিকান গোলরক্ষক অস্কার পেরেজকে ফাঁকি দিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে নেওয়া দুর্দান্ত শটের এই গোলটিকে নির্দ্বিধায় এই বিশ্বকাপের ভালো গোলগুলোর তালিকায় রাখতেই হবে।গোল করে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে মেক্সিকোর কাছ থেকে পুরোপুরি ম্যাচের দখল নিয়ে নেয়। এ সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন দক্ষিণ আফ্রিকার ফরোয়ার্ডরা। খেলার ৭৭ মিনিটের সময় সকার সিটি স্টেডিয়ামে ভুভুজেলার আওয়াজ স্তব্ধ করে দিয়ে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে মেক্সিকো। গোল করেন সেই রাফায়েল মারকুয়েজ। কর্নার থেকে বল পেয়ে দেখে-শুনে ঠান্ডা মাথায় দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনের পাশ দিয়ে জালে পাঠিয়ে দেন মারকুয়েজ। খেলা শেষ হওয়ার মিনিট দু-এক আগে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন নয় নম্বর জার্সি পরিহিত কাটলেগো এমফেলা। ল্যান্স ডেভিডসের ক্রস থেকে গোলরক্ষক পেরেজকে একা পেয়েও এমফেলার শট বারে লেগে ফিরে এলে সকার সিটি স্টেডিয়ামে সাফল্য বুভুক্ষ দর্শকের সামনে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনকে স্মরণীয় করে রাখার চমত্কার একটি সুযোগ হারায় পাহেরার দক্ষিণ আফ্রিকা দল।