ড্র দিয়ে সুপার কাপের ডাক
ঝলমলে মঞ্চের সঙ্গে সামঞ্জস্য রেখে মনে গেঁথে রাখার মতো বিশেষ কোনো আয়োজন নয়। বল নিয়ে একদল তরুণ-তরুণীর ডিসপ্লে অনুষ্ঠানের শুরুতে, তারপর ফুটবলার-মডেলরা উপস্থিত হলেন মিলেমিশে। রাজধানীর একটি হোটেলে কাল গ্রামীণফোন তৃতীয় সুপার কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানটা হলো সংক্ষিপ্তই।সাত দলের অধিনায়ক শেখ রাসেলের বিপ্লব, শেখ জামালের হাসান আল মামুন, আবাহনীর ওয়ালি ফয়সাল, বিজেএমসির অমিত খান, মোহামেডানের মতিউর মুন্না, মুক্তিযোদ্ধার জহিরুল, ব্রাদার্সের ইউসুফ একে একে মঞ্চে এলেন একজন মডেলের সঙ্গে। ছিলেন না শুধু ফেনী সকারের অধিনায়ক।ড্রয়ে সদ্য শেষ হওয়া বাংলাদেশ লিগের আটটি দলকে চারটি পটে রাখা হয়। প্রতি পট থেকে প্রথমে তোলা দলটা যায় গ্রুপ ‘এ’-তে। অন্য দলটি গ্রুপ ‘বি’-তে। সাবেক ফুটবলার আরিফ খান, ইলিয়াস হোসেন, সংগঠক আবদুর রহিম ও সালাম মুর্শেদীর তোলা ড্র-তে দুই গ্রুপে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।‘এ’ গ্রুপে এবারের মৌসুমে তিনটি শিরোপাই জেতা শেখ রাসেলের সঙ্গে লিগে তৃতীয় আবাহনী, ষষ্ঠ মুক্তিযোদ্ধা ও অষ্টম দল ফেনী সকার। মুক্তিযোদ্ধা চমক দিতে পারলে ভিন্ন কথা, নইলে রাসেল-আবাহনীর সেমিতে যাওয়ার রাস্তা সহজ। তবে মৌসুমে তিনটি টুর্নামেন্টেই রানার্সআপ শেখ জামাল, লিগে চতুর্থ বিজেএমসি, পঞ্চম মোহামেডান এবং সপ্তম ব্রাদার্সকে নিয়ে গ্রুপ ‘বি’-তে ওলট-পালট হওয়ার সম্ভাবনা যথেষ্টই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সমাপনী বক্তব্যে সালাম মুর্শেদী ফুটবল মাঠে রাখতে বাফুফের নেওয়া বিভিন্ন উদ্যোগের বর্ণনা দিয়েছেন। অনুষ্ঠানে থাকলেও বক্তব্য দেননি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ২০০৯ সালে শুরু হওয়া সুপার কাপ তাঁরই মস্তিষ্কপ্রসূত। প্রথম দুবার চ্যাম্পিয়ন দল পেয়েছিল কোটি টাকার প্রাইজমানি, এবার দলগুলোর অংশগ্রহণ ফি বাড়িয়ে চ্যাম্পিয়নের পুরস্কার করা হয়েছে ৫০ লাখ টাকা।১৪-২৫ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলবে ঘরোয়া ফুটবলের আকর্ষণীয় এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ (৫ ও ৭টা)। প্রথম দিনে শেখ রাসেল-সকার, আবাহনী-মুক্তিযোদ্ধা। কিন্তু মাঠে দর্শক হবে তো? অনুষ্ঠান শেষে কেউ একজন বললেন, আজ এখানে যে লোকসমাগম, এমন হলেও তো হয়! এটা স্রেফ রসিকতা। তবে এবার সুপার কাপে বিদেশি খেলোয়াড় নেই। স্থানীয় খেলোয়াড় নিয়েই হবে লড়াই। অন্য রকম একটা আকর্ষণ তাই থাকছেই। ১৯৮৯ সালে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ ছিল বিদেশি খেলোয়াড়। ওই বছর স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হয়েছিল ঘরোয়া সব আয়োজন। ২৪ বছর পর একটা টুর্নামেন্ট আবারও দেখছে শুধুই স্থানীয় খেলোয়াড়দের। কালকের ড্র অনুষ্ঠানটা দিল দর্শকদের মাঠে ফেরার ডাকও।গ্রুপিং‘এ’শেখ রাসেল, আবাহনী, মুক্তিযোদ্ধা, ফেনী সকার‘বি’শেখ জামাল, বিজেএমসি, মোহামেডান, ব্রাদার্স