ড্র, নাকি আরেকটি পরাজয়?

কী হবে আজ? শ্রীলঙ্কান বোলাররা বাংলাদেশের ১০ উইকেট তুলে নেবে নাকি ৯০ ওভার ব্যাটিং করে টেস্ট ড্র করে ফেলবে বাংলাদেশ?
এই দুই সম্ভাবনার বাইরে সম্ভাবনা বাকি থাকে আর একটাই—বাংলাদেশ দলের জয়। কিন্তু চতুর্থ ইনিংসে ৪৬৭ রান বা শেষ দিনে ৪৫৫ রান করে জেতা এখনো মই বেয়ে চাঁদে উঠে যাওয়ার মতোই অসম্ভব এক ব্যাপার। সেটার জন্য যেমন ধুন্ধুমার ব্যাটিং করতে হবে, তাতে ম্যাচ জেতার সম্ভাবনা তো কমই, উল্টো লেজেগোবরে হয়ে বিশাল ব্যবধানে হারটাই হতে পারে প্রাপ্তি।
কাল দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল আর শামসুর রহমানের শুরুটা অবশ্য ইঙ্গিত দিল, বাংলাদেশ দল টেস্ট ড্র করার দিকেই বেশি মনোযোগী। শেষবেলায় ২৭ মিনিটে ৮ ওভার ব্যাটিং করে এসেছে ১২ রান। আর ওই ৮ ওভারেই উইকেটে টিকে থাকার ইচ্ছাটা দেখাতে পেরেছেন দুই ওপেনার। এর আগে সকালে বাংলাদেশ দল শেষ ২ উইকেট নিয়ে ব্যাটিং করতে পেরেছে মাত্র ২১ মিনিট। তৃতীয় দিনের ৪০৯ রানের সঙ্গে আর ১৭ রান যোগ করতেই প্রথম ইনিংস শেষ।
সকালের ২১ মিনিট আর বিকেলের ২৭ মিনিট বাদ দিলে দিনের বাকি সময় শ্রীলঙ্কার ব্যাটিং প্রদর্শনীই হলো আরও একবার। এ রকম পরিস্থিতিতে ব্যাটিংয়ের পরিকল্পনা যা হওয়া উচিত, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খেলে গেলেন সেভাবেই। চেষ্টা থাকল যত দ্রুত সম্ভব স্কোরবোর্ডে বড় একটা রান জড়ো করে চতুর্থ ইনিংসে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। প্রথম ইনিংসের মতো এবারও ব্যাটিং প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে কুমার সাঙ্গাকারা। ১৪৪ বলে ১১ চার আর দুই ছক্কায় ১০৫ রান—ওয়ানডে মেজাজের ইনিংসটা শুধু সেঞ্চুরিই এনে দেয়নি, গ্রাহাম গুচের একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার রেকর্ডের ভাগও দিয়েছে সাঙ্গাকারাকে। তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির জন্য নাসিরের কাছে ঋণী থাকবেন সাঙ্গাকারা, ৩৬ রানের সময় সাকিবের বলে সাঙ্গাকারার সহজ ক্যাচ ফেলেছেন নাসির। দিনেশ চান্ডিমালের সেঞ্চুরি যোগ হওয়াতে ইনিংস ঘোষণার আগে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৩০৫।
তবে বাংলাদেশের বোলাররা শুরুটা করেছিলেন দারুণ। ওই সময় উইকেট থেকে কিছুটা টার্নও পাচ্ছিলেন স্পিনাররা। সেটা কাজে লাগিয়েই ৪৯ রানের মধ্যে শ্রীলঙ্কার ২ উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। দলের ৭৮ রানের সময় সাকিব আল হাসান মাহেলা জয়াবর্ধনেকেও এলবিডব্লু করে দিলে মনে হচ্ছিল শ্রীলঙ্কা বুঝি চাপেই পড়ে যাচ্ছে। কিন্তু জয়াবর্ধনে না থাকলে কী হবে, চতুর্থ উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ঠিকই ১৪৫ রানের জুটি গড়ে ফেললেন চান্ডিমাল। ক্যারিয়ারের ১২তম টেস্টে তৃতীয় সেঞ্চুরি। শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে দেয় এরপরই। তার আগে অবশ্য অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি হয়েছে চান্ডিমালের।
টেস্ট ক্রিকেটের ইতিহাসেই চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩ উইকেটে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ জিতলে এই রেকর্ডটা লেখা হবে নতুন করে। তবে সেই সম্ভাবনা নেই বলেই বাংলাদেশকে কাল ৪৬৭ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দিন শেষের সংবাদ সম্মেলনে দলের এই চিন্তার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার কৌশল সিলভা, ‘আমরা লক্ষ্যটা অন্তত ৪৫০ রানের করতে চেয়েছিলাম। আমরা জানি এই লক্ষ্যে পৌঁছানো তাদের (বাংলাদেশের) সাধ্যের বাইরে থাকবে এবং তাতে তারা চাপেও পড়ে যাবে।’ কৌশল আত্মবিশ্বাসী, বাংলাদেশকে অলআউট করা যাবে এই রানের মধ্যেই।
তবে বাংলাদেশ শিবিরের চিন্তাটা একটু অন্য রকমই। যত কঠিনই হোক, এই টেস্ট ড্র করার লক্ষ্য তাদের এবং সেটা সম্ভব বলেও মনে করেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা ইমরুল কায়েস, ‘আমার মনে হয় কাল (আজ) আমরা যদি লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ব্যাটিং করতে পারি তাহলে খুব সহজেই ম্যাচ ড্র করতে পারব। জেতার চেষ্টা করলে সেটা আমাদের জন্য ভালো হবে না। ৪৫০ রান চেজ করা এই উইকেটে খুব কঠিন।’
জয়ের অবাস্তব স্বপ্ন দেখা নয়, ইমরুলের মতো আজ ড্রয়ের চিন্তাই করবে গোটা বাংলাদেশ।