ড্র-ভাগ্য নাদালের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোলাঁ গাঁরো এমনিতেই রাফায়েল নাদালের কোর্ট। গতকাল হয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ড্রর পর মনে হওয়াটা স্বাভাবিক, আরও একবার ফ্রেঞ্চ ওপেন হয়তো তাঁকেই ডাকছে। ফাইনালের আগে দুই কঠিন প্রতিদ্বন্দ্বী ফেদেরার-জোকোভিচের সঙ্গে দেখা হচ্ছে না তাঁর!অথচ আগামীকাল শুরু ফ্রেঞ্চ ওপেনে বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচের সঙ্গে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে তিন নম্বর ফেদেরারের। মাদ্রিদের নীল কোর্টে পা হড়কালেও রোম ওপেন জিতে নাদাল জানান দিয়েছেন, নিজের প্রিয় ওপেনে শিরোপা ধরে রাখতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সেমিফাইনালে অবশ্য তাঁর পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বিশ্বের চার নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। তবে ক্লে-কোর্টের রেকর্ড বিবেচনায় ছয়বারের শিরোপাজয়ী নাদাল যথারীতি ফেবারিট হয়েই নামবেন ফ্রেঞ্চ ওপেনে। জোকোভিচের সামনে অবশ্য রয়েছে অনন্য রেকর্ডের হাতছানি—৪৩ বছর পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়। তবে পথটা একেবারেই মসৃণ পাবেন না সার্বিয়ান তারকা। চতুর্থ রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ক্লে-কোর্ট বিশেষজ্ঞ ফার্নান্দো ভার্দাস্কো ও ঘরের ছেলে জো-উইলফ্রায়েড সোঙ্গা। প্রমীলা বিভাগে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা ও পঞ্চম বাছাই সেরেনা উইলিয়ামসের। সপ্তম বাছাই এবং বর্তমান শিরোপাধারী লি না অবশ্য ড্রর এই অর্ধেই আছেন। এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা শেষ আটে পেতে পারেন ২০১০ সালের রানার্সআপ সামান্থা স্টোসুরকে। রয়টার্স।