ড্র ম্যাচও উপভোগ্য হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা কে জিতল?ব্রাদার্স ছাড়া এ নিয়ে কারোরই তেমন আগ্রহ ছিল না। কারণ ড্র ম্যাচটা ব্রাদার্সের জেতার কথা তিন-চার গোলের ব্যবধানে। জেতা ম্যাচ ড্র করায় ব্রাদার্সের হতাশা থাকাই ছিল স্বাভাবিক।২-০ করেও গোল ধরে রাখতে না পারার খেদ শেখ রাসেল শিবিরে। কিন্তু এক পয়েন্ট পাওয়াও শেখ রাসেলের কাছে কম কিছু নয়। ব্রাদার্সের আক্রমণের তোড়ে শেখ রাসেল চাপে ছিল গোটা ম্যাচেই। সাইড পোস্ট ও ক্রসবার তিনবার না বাঁচালে এক পয়েন্টও তো পায় না দলটি।পয়েন্টের হিসাব-নিকাশ এক পাশে রেখে বরং উপভোগ্য একটা ম্যাচ উপহার দেওয়ায় দুই দলের প্রশংসা করা উচিত। কমলাপুর স্টেডিয়ামে আসা তিন-চার শ দর্শক ম্যাচ থেকে চোখই ফেরাতে পারেনি। বাংলাদেশ লিগের ম্যাড়মেড়ে ম্যাচ দেখে যারা মাঠে আসা ছেড়ে দিয়েছে, তাদের মাঠে আনার জন্য এটি দারুণ এক বিজ্ঞাপন হয়ে রইল। শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলছিল আগের তিন ম্যাচে একটি হার ও দুটিতে ড্র করা ব্রাদার্স। কিন্তু আগের তিন ম্যাচেই টানা জয় পাওয়া রাসেল এগিয়ে যায় খেলার ধারার বিপক্ষে। ৩১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ইউসুফ করেন প্রথম গোল। ১০ মিনিট পর বক্সের বাইরে থেকে দারুণ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ২-০ করেন মরোক্কান স্ট্রাইকার ইউসেফ। বিরতির ঠিক আগে নাইজেরিয়ান স্ট্রাইকার রিচার্ডের প্লেসিংয়ে ব্রাদার্স ২-১ করে ফেলে, ৫৫ মিনিটে মাত্রই খেলতে নামা বদলি স্ট্রাইকার তপুর শটে ২-২। পরে গল্পটা শুধুই ব্রাদার্সের গোল মিসের মহড়া। রিচার্ডের দুটি শটের একটি ক্রসবারে, একটি সাইড পোস্টে, গোটা ম্যাচে নজরকাড়া ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটনের একটি শট লাগে ক্রসবারে। ‘ব্রাদার্সকে জিততে দেব না’—এই প্রতিজ্ঞতাই করে বসল তিনকাঠি! বাংলাদেশ লিগে এদিনই প্রথম গোল পেল ব্রাদার্স। তবে এটা কি আর সান্ত্বনা হয় কোচ ওয়াসিম ইকবালের কাছে, ‘আমাদের অবশ্যই জেতা উচিত ছিল!’ চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও শেখ রাসেল শিবির ছিল রেফারিং নিয়ে বিক্ষুব্ধ। ব্রাদার্স একটিও হলুদ কার্ড দেখেনি, শেখ রাসেল দেখেছে ৬টি! ম্যাচের পর গ্যালারি থেকে মাঠে নেমে আসা শেখ রাসেল সভাপতি নুরুল আলম চৌধুরী ছিলেন মহা ক্ষুব্ধ, ‘শেখ রাসেলের শীর্ষে থাকাটাই ফেডারেশনের গাত্রদাহ। আমাদের পেছন থেকে টেনে ধরতে হবে, তাই ফেডারেশনের নির্দেশে আমাদের বিরুদ্ধে বাজে রেফারিং হয়েছে!’শেখ রাসেল: মামুন, মুরাদ (বাবু), আমিনুল, উত্তম, মরো মোহাম্মদ (শাহেদ), চার্লস, রাজু, ইমু, আব্বাস ইউনুসা, ইউসুফ, ইউসেফ।ব্রাদার্স: মিতুল, অপু, ইউসুফ, ড্যানিলো, আশরাফুল, লিটন (তরু), এভারটন, ফয়সাল, ইমরোজ, আজুবুগু (তপু), রিচার্ড।